নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি মাওলানা এ.টি.এম. মাছুম বলেছেন, ৫ই আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে গঠিত ‘জুলাই সনদ’ আগামীর সুন্দর ও মানবিক বাংলাদেশ গড়ার মূল ভিত্তি। এ সনদকে সাংবিধানিক মর্যাদা দিতে আগামী ১২ তারিখের নির্বাচনে গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করা প্রতিটি দেশপ্রেমিক নাগরিকের ঐতিহাসিক দায়িত্ব।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে নেত্রকোনার মোহনগঞ্জস্থ শহীদ আলী উছমান শিশু পার্কে ১১ দলীয় ঐক্যজোন আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা মাছুম বলেন, “অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের ভিত্তিতে যে ‘জুলাই সনদ’ তৈরি হয়েছে, তা বৈষম্যহীন বাংলাদেশ গড়ার রূপরেখা। এ সনদকে পাশ কাটিয়ে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। তাই ১২ তারিখের নির্বাচনে আমাদের দুটি কাজ- এক, জুলাই সনদের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দেওয়া এবং দুই, দাঁড়িপাল্লাসহ ১১ দলীয় জোটের প্রার্থীদের বিজয়ী করা।”
দেশের রাজনৈতিক ইতিহাসের স্মৃতিচারণ করে তিনি বলেন, “গত ৫৪ বছর যারা শাসন করেছে তারা দেশটাকে লুটেপুটে খেয়েছে। শেখ মুজিবুর রহমান নিজেই আক্ষেপ করে বলে গিয়েছিলেন তিনি ‘চোরের খনি’ পেয়েছেন। আর তার কন্যা শেখ হাসিনা দেশটাকে ‘ডাকাতের খনিতে’ পরিণত করেছিলেন। ৫ই আগস্টের পর সেই দুঃশাসনের অবসান হয়েছে, এখন আমাদের সামনে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ।”
মাও. মাছুম বর্তমান বিএনপি’র রাজনৈতিক অবস্থানের সমালোচনা করে বলেন, “বর্তমান বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের পথে নেই। একটি অংশ দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়ে জুলাই সনদের বিরুদ্ধে গোপনে ‘না’ ভোটের প্রচারণা চালাচ্ছে। তারা দেশকে আবারো অনিশ্চয়তার দিকে ঠেলে দিতে চায়। এদেরকে আগামী নির্বাচনে প্রত্যাখ্যান করতে হবে।”
কোরআনের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, “জামায়াতে ইসলামী রাষ্ট্রক্ষমতায় গেলে চারটি মৌলিক কাজ করবে- নামাজ ভিত্তিক সমাজ কায়েম করা, যাকাত ভিত্তিক অর্থব্যবস্থা চালু করে সুদমুক্ত অর্থনীতি গড়া, সৎ কাজের প্রসার এবং অন্যায়ের পথ বন্ধ করা। ৫৪ বছর ধরে শাসকরা জাতিকে আল্লাহর মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছিল। আমরা সেই গজবের পথ থেকে দেশকে রক্ষা করে একটি কল্যাণমুখী রাষ্ট্র উপহার দিতে চাই।”
এ নির্বাচনী জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামায়াতের কেন্দ্রীয় কার্যকরী সদস্য মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া, জেলা আমির মাও. সাদেক আহমেদ, রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাকসু) ছাত্র সংসদের ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনে দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. আল হেলাল তালুকদার, রাকসুর শাহ মখদুম হলের জিএস মো. বায়জীদ হাসান, খেলাফত মজলিসের মুফতি ইরশাদুল্লাহ কাসেমী, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সংগঠক মো. প্রীতম মিয়া সোহাগ, এলডিপি দলের জেলা সভাপতি মিজানুর রহমান মুকুলসহ আরো অনেকে।
জনসভায় স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ এবং ১১ দলীয় জোটের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা আগামী ১২ তারিখের নির্বাচনে দলমত নির্বিশেষে সকলকে ভোটকেন্দ্রে গিয়ে পরিবর্তনের পক্ষে রায় এবং নেত্রকোনা-৪ আসনে মো. আল হেলাল তালুকদারকে বিজয়ী করার আহ্বান জানান।


