শেখ শামীম: নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার কায়সার কামালের সমর্থনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের লক্ষীপুর গ্রাম ঈদগাহ মাঠে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক ১নং সহ-সভাপতি এবং বিএনপি’র কেন্দ্র থেকে ঘোষিত কায়সার কামালের প্রধান নির্বাচনী এজেন্ট এজমল হোসেন পাইলট।
বক্তব্যের শুরুতে এজমল হোসেন পাইলট ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে ঘটে যাওয় ঘটনার স্মৃতিচারণ করে বলেন, ‘সেদিন এতিমদের ওপর যে নৃশংসতা চালানো হয়েছিল, তার প্রতিবাদে বেগম খালেদা জিয়া দেশবাসীকে রাজপথে নামার আহ্বান জানিয়েছিলেন। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যখন এদেশের ওলামা-মাশায়েখদের ওপর নির্যাতন চালানো হয়েছে, তখন ব্যারিস্টার কায়সার কামাল তাদের পক্ষে আইনজীবী হিসেবে শক্তভাবে দাঁড়িয়েছেন এবং আইনি সহায়তা প্রদান করেছেন।
ব্যারিস্টার কায়সার কামালের নেতৃত্বের প্রশংসা করে পাইলট বলেন, ‘ব্যারিস্টার কায়সার কামাল এই এলাকার সন্তান। তিনি নির্বাচিত হলে কলমাকান্দা-দুর্গাপুরের সব ধর্মের ও সব মতাদর্শের মানুষ মায়ের কোলে সন্তানের মতো নিরাপদ থাকবে। এমপি’র কোনো আত্মীয় বা নেতাকর্মী পরিচয়ে কেউ সাধারণ মানুষের জানমালের ক্ষতি করার চেষ্টা করলে তার কঠোর বিচার করা হবে।’
আগামী ১২ তারিখের নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এ নির্বাচন দেশ ও জাতি রক্ষার নির্বাচন।’ তিনি নেতাকর্মীদের নির্দেশ দেন নির্বাচনের দিন ‘সকালে ফজরের নামাজ পড়ে ঘরে ঘরে গিয়ে ভোটারদের জাগিয়ে ভোটকেন্দ্রে নিয়ে আসার।’
ছাত্রদলের কেন্দ্রীয় এই নেতা আরও বলেন, ‘বর্তমানে কলমাকান্দা-দুর্গাপুরে যে পরিবেশ বিরাজ করছে এবং মানুষের মধ্যে যে উৎসাহ-উদ্দীপনা দেখছি, তাতে ইনশাআল্লাহ বিপুল ভোটের ব্যবধানে ব্যারিস্টার কায়সার কামালের ‘ধানের শীষ’ বিজয়ী হবে।’
নির্বাচনী এ প্রচারণামূলক জনসভায় বিপুল সংখ্যক নারী-পুরুষসহ খারনৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ওবায়দুল হক, উপজেলা পরিষদের সাবেক মহিলা চেয়ারম্যান কলি আক্তার, বীরমুক্তিযোদ্ধা মো. আক্কাস আলী, প্রার্থীর সহোদর ছোট ভাই সারোয়ার কামাল, জেলা ছাত্রদলের সাবেক নেতা মমিশিং এবং উপজেলা, ইউনিয়ন ও স্থানীয় পর্যায়ের বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীবৃন্দরা উপস্থিত ছিলেন।
