Site icon দ্যা মেইল বিডি / খবর সবসময়

মোটরসাইকেলে মিলল ফেন্সিডিল, আটক ২ কারবারি

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের মুক্তাগাছায় বিশেষ অভিযান চালিয়ে ১৪ বোতল ফেন্সিডিলসহ দুজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১২টার দিকে র‍্যাব-১৪ এর মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) কর্তৃক প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এসব নিশ্চিত করা হয়েছে।

র‍্যাব-১৪, ময়মনসিংহ (সিপিএসসি) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ৪ ফেব্রুয়ারি (বুধবার) বিকেলে মুক্তাগাছা থানাধীন ভাবকির মোড় এলাকায় অবস্থান নেয়। বিকেল আনুমানিক পৌনে ৫টার দিকে ময়মনসিংহ-জামালপুর মহাসড়কের জান্নাত ফার্নিচারের সামনে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মৃত জয়নাল আবেদীনের ছেলে মো. ভুট্টো মিয়া (৫০), আরেকজন গাইবান্ধা সদর উপজেলার মৃত আব্দুল লতিফের ছেলে মো. আরিফুল আহাদ (৪২)।

র‍্যাব জানায়, চেকপোস্ট চলাকালীন একটি সন্দেহভাজন মোটরসাইকেলকে থামার সংকেত দেওয়া হয়। পরে আটককৃতদের জিজ্ঞাসাবাদ করলে তারা মোটরসাইকেলের বক্সে বিশেষ কায়দায় রাখা মাদকদ্রব্যের কথা স্বীকার করে। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২৮ হাজার টাকা।

র‍্যাব আরও জানায়, গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট আলামতসহ তাদের মুক্তাগাছা থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে র‍্যাবের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Exit mobile version