শেখ শামীম: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে ‘ধানের শীষ’ প্রতীকের মনোনীত প্রার্থী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল ভোটারদের প্রতি সততা ও আমানত রক্ষার আহ্বান জানিয়েছেন।

বুধবার (৪ ফেব্রুয়ারি) কলমাকান্দার সাউদপাড়া, চান্দুয়াইলসহ সদর ইউনিয়নের বিভিন্ন স্থানে আয়োজিত নির্বাচনী পথসভায় তিনি দুর্নীতির বিরুদ্ধে লড়াই এবং সুশাসন প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন।

পথসভায় ব্যারিস্টার কায়সার কামাল ভোটের গুরুত্ব তুলে ধরে বলেন, “ভোট হচ্ছে একটি আমানত। আপনারা যাকে ভোট দেবেন, আপনার এলাকার রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা এবং উন্নয়ন সেই ব্যক্তির ওপর নির্ভর করবে। জনপ্রতিনিধি যদি সততার সাথে দায়িত্ব পালন না করেন, তবে সাধারণ মানুষ তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হয়”।

নিজের পেশাগত জীবনের কথা উল্লেখ করে কায়সার কামাল বলেন, “আইনজীবি হিসেবে আল্লাহ আমাকে যা দিয়েছেন, তাতে আমার পেট ও পকেট আলহামদুলিল্লাহ খালি নেই। অতীতে অনেক জনপ্রতিনিধি ব্রিজ বা কন্ট্রাক্টরের কাজ থেকে কমিশন নিয়েছেন কারণ তাদের অভাব ছিল। উন্নয়নের টাকা বা সরকারি সম্পদ মেরে খাওয়া আমার পক্ষে সম্ভব নয়”।

নির্বাচিত হলে দল-মত নির্বিশেষে সবার জন্য কাজ করার অঙ্গীকার করেন এই আইনজীবি। তিনি বলেন, ‍‍‍‍“হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার সমান অধিকার বজায় রাখা হবে। সমাজের প্রতিটি স্তরে আইনের মাধ্যমে ন্যায়বিচার ও ইনসাফ কায়েম করা হবে। নির্বাচিত হওয়ার পর যদি কথা রাখতে না পারেন, তবে ভবিষ্যতে আর ভোট চাইতে আসবেন না” বলেও তিনি চ্যালেঞ্জ ছুড়ে দেন।

মা-বোনদের উদ্দেশে দেওয়া বক্তব্যে ‘ধানের শীষে’র এই প্রার্থী বিশেষ জনকল্যাণমূলক পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, ‍ ‍“ধানের শীষ জয়যুক্ত হলে এবং রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে সারা বাংলাদেশের প্রায় সাড়ে চার কোটি পরিবারের জন্য ‘ফ্যামিলি কার্ড’ বা পারিবারিক কার্ডের ব্যবস্থা করা হবে”।

নিজেকে এলাকার সন্তান ও ভাই হিসেবে পরিচয় দিয়ে আগামি ১২ ফেব্রুয়ারি সকালে সবাইকে কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার অনুরোধ এবং কোনো প্রকার বিভ্রান্তিতে না পড়ে একজন সৎ মানুষকে বেছে নেওয়ার জন্য দুর্গাপুর ও কলমাকান্দাবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান ব্যারিস্টার কায়সার কামাল।

নির্বাচনী এসব পথসভায় বিপুল সংখ্যক নারী-পুরুষসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version