চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:
ভোলার চরফ্যাশনে রাতের আঁধারে রহস্যজনকভাবে উধাও হয়ে গেছে একটি সরকারি খাদ্য গুদামের পরিত্যক্ত পাকা ভবন। দুর্বৃত্তরা বেকু মেশিন ব্যবহার করে পুরো ঘরটি ভেঙে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে চরফ্যাশন উপজেলার মুখার বান্দা বাজার এলাকায় অবস্থিত খাদ্য অধিদপ্তরের একটি পরিত্যক্ত ভবনে। স্থানীয়দের ভাষ্য, শুক্রবার বিকালেও ভবনটি স্বাভাবিক অবস্থায় ছিল।
কিন্তু পরদিন সকালে বাজারে এসে তারা দেখতে পান, পুরো পাকা ঘরটি গায়েব। দেয়াল, রড, কাঠামো—কিছুই অবশিষ্ট নেই। একাধিক এলাকাবাসী জানান, খাদ্য অধিদপ্তরের নতুন গুদাম নির্মাণের পর পুরনো ভবনটি পরিত্যক্ত অবস্থায় ছিল। তবে রাতের আঁধারে এভাবে সরকারি স্থাপনা ভেঙে নিয়ে যাওয়া উদ্বেগজনক। 
তাদের আশঙ্কা, “সরকারি সম্পত্তিই যদি নিরাপদ না থাকে, তাহলে সাধারণ মানুষের সম্পদ কীভাবে নিরাপদ থাকবে?” এদিকে, ঘটনাস্থলে সংবাদ সংগ্রহ করতে গেলে মাফুজ নামে এক যুবক সাংবাদিকদের কাজে বাধা দেন বলে অভিযোগ পাওয়া গেছে, যা নিয়ে প্রশ্ন উঠেছে জনমনে।
চরফ্যাশন উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ আব্দুল মালেক তালুকদার বলেন,“শুক্রবার রাতে আধারে বেকু মেশিন দিয়ে ভবনটি ভেঙে নিয়ে যাওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সরকারি স্থাপনা রাতারাতি উধাও হওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। প্রশাসনের দ্রুত তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।
