শেখ শামীম: নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমকান্দা) আসনের ধানের শীষের প্রার্থী এবং বিএনপি’র কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু কোনো প্রতিহিংসা থাকবে না। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নে রানীগাঁও বাজারে আয়োজিত এক পথসভায় তিনি নির্বাচনী মাঠে সকল প্রার্থীর প্রতি সহনশীল থাকার আহ্বান জানান।
ব্যারিস্টার কায়সার কামাল তাঁর বক্তব্যে গত ১৮-১৯ বছরের রাজনৈতিক সংস্কৃতির নেতিবাচক দিকগুলো তুলে ধরেন। তিনি বলেন, “আমরা সেই পুরনো সংস্কৃতি থেকে বের হতে চাই, যার কারণে হাজার হাজার ছাত্র-জনতাকে রক্ত দিতে হয়েছে এবং অসংখ্য মানুষ পঙ্গুত্ব বরণ করেছে”। তিনি আরও উল্লেখ করেন যে, বীর মুক্তিযোদ্ধাদের স্বপ্ন ছিল একটি স্বাধীন দেশ যেখানে ফ্যাসিবাদের কোনো স্থান থাকবে না, যেখানে প্রত্যেকের বাকস্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা এবং মানবাধিকার নিশ্চিত থাকবে।
ভোটারদের উদ্দেশ্যে তিনি একটি গুরুত্বপূর্ণ বার্তা দেন। তিনি বলেন, “ব্যক্তি পর্যায়ে আবেগের বশবর্তী হয়ে ভুল করলে তার খেসারত শুধু সেই পরিবার দেয়, কিন্তু একজন জনপ্রতিনিধি ভুল করলে তার প্রভাব পুরো এলাকার ওপর পড়ে”। তাই ভোটকে একটি ‘পবিত্র আমানত’ হিসেবে বিবেচনা করে প্রার্থীদের পূর্বাপর ইতিহাস (ব্যাকগ্রাউন্ড) যাচাই করে ভোট দেওয়ার অনুরোধ জানান তিনি।
কায়সার কামাল ঘোষণা করেন যে, মহান আল্লাহর রহমতে এবং জনগণের ভোটে নির্বাচিত হলে তিনি তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অভিজ্ঞতাকেও কাজে লাগাবেন। তিনি বলেন, “রাষ্ট্র বা সমাজ কখনো একা গড়া যায় না। আমরা সকলের অংশীদারিত্বের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ গড়তে চাই”।
পবিত্র শবে বরাতের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বিএনপি নেতা তারেক রহমান সবসময় আল্লাহর রহমত কামনা করে দেশ গড়ার কথা বলেন। তিনি উপস্থিত সকলের কাছে দোয়া চেয়ে বলেন, “আজকের এই পবিত্র রাতে আপনারা দোয়া করবেন যেন আমরা নবী করীম (সা.)-এর দেখানো পথে একটি সুন্দর আগামী দিনের বাংলাদেশ গড়ে তুলতে পারি”।
এছাড়াও দিনব্যাপী কর্মসূচী হিসেবে নলছাপ্রা, উত্তর রানীগাঁও, বরুয়াকোনা বাজার, পাঁচগাঁও নতুন বাজার, পাঁচগাঁও বাজার, ডাইয়ারকান্দা বাজার, কালিহালা মোড় ও বিশরপাশা বাজারসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেছেন। এতে বিপুল সংখ্যক জনসাধারণসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
