নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুরে নবম জাতীয় পে-স্কেল ঘোষণা ও বেতন বৈষম্য দূর করার দাবিতে উত্তাল হয়ে উঠেছে সরকারি দপ্তরের কর্মচারীরা। সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে দুর্গাপুর উপজেলার সকল দপ্তরের কর্মচারীদের সমন্বয়ে মিছিল ও সমাবেশ করেন আন্দোলনকারীরা।
সোমবার (২ফেব্রুয়ারি) সকালে দুর্গাপুর প্রেসক্লাবের সামনে জড়ো হন কয়েকশ সরকারি কর্মচারী। সেখানে ঘণ্টািব্যাপী অবস্থান কর্মসূচি পালনের পর একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।
সমাবেশে বক্তারা তাদের মানবেতর জীবনযাপনের চিত্র তুলে ধরে বলেন, গত ১০ বছর ধরে সরকারি কর্মচারীদের কোনো নতুন বেতন কাঠামো বা পে-স্কেল ঘোষণা করা হয়নি। জীবনযাত্রার ব্যয় কয়েক গুণ বাড়লেও সর্বনিম্ন ৮-১০ হাজার টাকা বেতনে সংসার চালানো অসম্ভব হয়ে পড়েছে। সরকার বারবার আশ্বাস দিলেও বেতন বৃদ্ধির কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি।
সমাবেশে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের সভাপতি আব্দুল লতিফ আব্বাসী বলেন, “আমাদের ন্যায্য দাবি নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। আমরা বর্তমানে প্রতিদিন দুই ঘণ্টা করে কর্মবিরতি পালন করছি। যদি দ্রুত নবম পে-স্কেল ঘোষণা না করা হয়, তবে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী পূর্ণ দিবস কর্মবিরতিসহ আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।”
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আহসান উল্লাহ আরিফ, ঐক্য পরিষদের নেতা মো. শাহআলম, দ্বীন মো. সালাউদ্দিন, সেখ সেলিম, হিমাংশু ঘোষ, রাইদুল ইসলামসহ স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ।
দাবি আদায়ে আগামীকাল মঙ্গলবার সকাল ৯টা থেকে পূর্বনির্ধারিত কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য উপজেলার সকল সরকারি কর্মচারীকে উদাত্ত আহ্বান জানানো হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা।
