নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মোহনগঞ্জে অতিরিক্ত দামে সার বিক্রি ও ভেজাল শিশুখাদ্য রাখার দায়ে চার ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৩৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে পৌরশহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ দণ্ডাদেশ প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এ কাদের।
প্রশাসন সূত্রে জানা গেছে, পৌরশহরে সারের ডিলারের গুদাম ও বিভিন্ন মনোহারি দোকানে নিয়মিত তদারকির অংশ হিসেবে এ অভিযান চালানো হয়।
এ অভিযানে অতিরিক্ত দামে সার বিক্রির দায়ে গোলাম রাব্বানীকে (সার ডিলার) ১৫ হাজার টাকা, ভেজাল শিশুখাদ্য বিক্রির দায়ে মো. শামছজ্জামানকে (ব্যবসায়ী) ১৫ হাজার টাকা এবং বিভিন্ন অনিয়মের দায়ে শাহীন আহম্মদ ও আরিফ (মনোহারি দোকানি) প্রত্যেককে ৩ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।
অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের জানান, জনস্বার্থে এবং বাজার নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে।
অভিযানে সেনা ও পুলিশ বাহিনীর সদস্যরাসহ সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। জরিমানার পাশাপাশি অন্যান্য সার ডিলার ও ব্যবসায়ীদের সরকারি নিয়ম মেনে ব্যবসা পরিচালনা করতে কঠোরভাবে সতর্ক করে দিয়েছে প্রশাসন।
