নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ফুফুর বাড়িতে বেড়াতে এসে বেপরোয়া গতির গাড়ীর চাপায় মাদরাসার এক শিশু শিক্ষার্থী ছোয়ামনি (৮) নিহত হয়েছে। ঘাতক গাড়ীটিকে এলাকাবাসী আটক করতে পারলেও এর চালক ও সহকারি (হেলপার) কৌশলে পালিয়ে গেছে।

সোমবার সকালে উপজেলার রংছাতি ইউনিয়নের ধারাপাড়া গ্রামে নিহতের ফুফু নাদিরা আক্তারের বাড়ি সংলগ্ন রামনাথপুর হরিমন্দিরের সামনে সীমান্ত সড়কে এ ঘটনাটি ঘটে।

নিহত ছোয়ামনি ময়মনসিংহের কোতোয়ালী থানার বাঘেরকান্দা গ্রামের সাখাওয়াত উল্লাহ ও সুমি আক্তার দম্পতির বড় সন্তান। ছোয়ামনি ওই এলাকার একটি মাদরাসার শিক্ষার্থী। নিহতের ফুফু নাদিরা আক্তার ধারাপাড়া গ্রামের জালাল উদ্দিনের স্ত্রী।

স্থানীয় ও নিহতের স্বজনের সূত্রে জানা যায়, গত শনিবার ময়মনসিংহ নিজ বাড়ি থেকে দাদী মোছা. রেহেনা বেগমের সাথে ধারাপাড়া গ্রামে ফুফুর বাড়ীতে আসে ছোয়ামনি। ফুফুর বাড়ি সংলগ্ন রামনাথপুর হরিমন্দিরের সামনে সীমান্ত সড়কের পাশে বাড়ির অন্যান্য শিশুদের সাথে খেলা করছিল ছোয়ামনি। এসময় সীমান্তবর্তী মহেষখলা থেকে ঢাকাগামী যাত্রীবাহী গাড়ি বেপরোয়া গতিতে আসছিল। সকাল অনুমান সোয়া ৯টার দিকে গাড়ি চাকার নিচে পড়ে যায় শিশুটি। তার সাথে থাকা অন্যান্য শিশুরা সড়কের পাশে পুকুরে পানিতে ছিটকে গিয়ে যায়। তাদের চিৎকারে ফুফুসহ আশেপাশের লোকজন ছুটে এসে ছোয়ামনিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসনে।

কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মো.শরিফুল ইসলাম জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে কলমাকান্দা থানার ওসি মো. ফিরোজ হোসেন জানান, খবর পেয়ে হাসপাতাল ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version