বুধবার, সেপ্টেম্বর ৩০

রুহুল আমিন, ডিমলা(নীলফামারী)

উত্তরের নীলফামারীর ডিমলায় তিস্তা নদী দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ভেসে আসা অজ্ঞাত এক ভারতীয় যুবকের লাশ পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়নের কিসামত চর এলাকা থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। পানিতে ডুবে মৃত্যু হয়েছে বলে ধারণা তাদের।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি বলেন, বৃহস্পতিবার বিকেলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কোম্পানি কমান্ডার পর্যায়ে সংক্ষিপ্ত বৈঠক হয়। পরে ডিমলা থানা-পুলিশ ওই যুবকের লাশ ভারতের সিংপাড়া বিএসএফের কাছে হস্তান্তর করে।

বিজিবি সূত্র জানায়, উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়নের কিসামত চর সীমান্ত গ্রামের আন্তর্জাতিক সীমানা পিলার ৭৯৭ / ১ এর ১১ নম্বর পিলারের পাশে জিরো লাইনে বিজিবি এবং বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক হয়। বৈঠকে বিজিবি পক্ষের নেতৃত্ব দেন রংপুর ৫১-বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ থানারহাট কোম্পানি কমান্ডার সুবেদার ফয়জুল হক।

অপরদিকে বিএসএফ পক্ষে নেতৃত্ব দেন ভারতের কুচবিহারের অধীনস্থ সিংপাড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর সঞ্জয় কুমার। এরপর ডিমলা থানার ওসি লাইছুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল অজ্ঞাত যুবকের লাশ হস্তান্তর করেন।

থানার হাট কোম্পানি কমান্ডার সুবেদার ফয়জুল হক বলেন, তিস্তা নদীতে ভাসতে ভাসতে যুবকের লাশ বাংলাদেশের অভ্যন্তরে চলে এসেছে। এ অবস্থায় ভারতের বিএসএফ থেকে বিজিবিকে জানানো হয় লাশটি ভারতীয় নাগরিক। তারা লাশ ফেরত দেওয়ার অনুরোধ জানান। তবে লাশের পরিচয় জানা যায়নি।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version