মো : আতাউর রহমান। মিরপুর প্রতিনিধি:
বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামে হুট করেই ১৬ বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানেন তামিম ইকবাল। দেশসেরা এই ওপেনারের অবসরের সিদ্ধান্তে অবাক ক্রিকেটার, সাংবাদিক, ক্রিকেট বিশ্লেষকসহ সমর্থকরাও। এ নিয়ে সোস্যাল মিডিয়ায় চলেছে বিভিন্ন প্রকার মন্তব্যের ঝড়।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) এই বিষয়ে অবগত ছিল না। ছিলেন না সাবেক-বর্তমান সতীর্থরাও। তামিমের এমন সিদ্ধান্তে হতবাক সবাই। সাবেক অধিনায়ক ও সতীর্থ মাশরাফি বিন মর্তুজা তো তো রীতিমত বিস্মিত। ফেসবুকে বিশাল পোস্টে তামিমের অবসর নিয়ে প্রশ্নও তুলেছেন মাশরাফি, তার বিদায়ের পরই ওয়ানডে নেতৃত্ব পাওয়া তামিম নিজ ইচ্ছায় সরে গেলেন নাকি কোন চাপ তাকে বাধ্য করেছে?
ফেসবুকে এ নিয়ে দেওয়া মাশরাফির স্ট্যাটাসের কিছু অংশ এখানে তুলে ধরা হলো—
তামিম, তোর সিদ্ধান্ত অবশ্যই একান্তই তোর। এটা কারও ভালো লাগলেও তোর, ভালো না লাগলেও তোর। পক্ষে-বিপক্ষে অনেক কথাই হবে। তবে সবচেয়ে ভালো কোনটা, সেটা তুই ছাড়া কেউই ভালো বুঝবে না। তাই তোর এই সিদ্ধান্তকে আমি ব্যাক্তিগতভাবে শতভাগ সম্মান জানাই।
তবে কিছু কথা জানতে মন চায়, মাত্র ৩৪ বছর ১০৮ দিনেই বিদায় কেন! আসলেই কি চালিয়ে যেতে পারছিস না? না কি কোনো চাপ তোকে বাধ্য করেছে!
তোর অনেক ভক্ত হয়তো খুঁজে ফিরবে এই প্রশ্নগুলোর উত্তর। আজ খুঁজবে, এমনকি ভবিষ্যতও আরও অনেকদিন খুঁজবে।
যখন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক ছিলাম, তখন তুই ছিলি আমার অন্যতম ‘স্নাইপার।’ সেটা তুই নিজেও খুব ভালো করেই জানিস। যেদিন দল থেকে বের হয়ে এলাম, সেদিন তুই আমাকে কাঁধে তুলে নিয়েছিলি। পরে সারারাত একসঙ্গে আড্ডা দিয়েছিলাম। যে কোনো সিরিজ বা সফরে তুই ছিলি আমার রুমে আড্ডার অবধারিত সঙ্গী। আরও কত শত স্মৃতি এখন মনে পড়ছে!




