তানভীর আহমেদ: সুনামগঞ্জ::
সুনামগঞ্জের তাহিরপুরের লাউড়েরগড় সীমান্তে ও ভারতের মেঘালয় রাজ্যের ঘোমাঘাট নলিকাটা সীমান্তে সায়েদাবাদ-নালিকাটা বর্ডার হাটের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৪ মে) দুপুরে বাংলাদেশ-ভারতের যৌথ ব্যবস্থাপনায় সীমান্ত হাটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দু’দেশের দায়িত্বশীলরা। এ হাটটি চালু হওয়ায় নতুন করে কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে, এতে খুশি প্রত্যন্ত অঞ্চলের মানুষরা।
বুধবার বাংলাদেশ-ভারতের যৌথ ব্যবস্থাপনায় শাহিদাবাদ বর্ডার হাটটি উদ্বোধন হওয়ায় নতুন করে কর্মস্থানের সুযোগ হয়েছে এ অঞ্চলের মানুষদের। প্রতি সপ্তাহে একদিন বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ হাটে স্থানীয়ভাবে উৎপাদিত পণ্য বিক্রি হবে এবং হাটের ৫ কিলোমিটার এলাকার বাসিন্দারা পণ্য ক্রয়-বিক্রয়ের সুযোগ পাবেন এমনকি উভয় দেশের ১২টি করে মোট ২৪টি দোকান হাটটিতে বসবে। হাটে উভয় দেশের ব্যবসায়ীরা নির্ধারিত ২৫টি পণ্য বিক্রি করতে পারবেন। এমনকি এ হাটে একজন ক্রেতা একদিনে সর্বোচ্চ ২০০ ডলারের সমমান বাংলাদেশি টাকায় পণ্য ক্রয় করতে পারবেন।
বুধবার বেলুন ও পায়রা উড়িয়ে হাটটি উদ্বোধন করার পরই দু’দেশের ক্রেতা-বিক্রেতা ও উৎসাহী মানুষের ভিড় জমে। হাটে দু’দেশের দোকানিদের স্থানীয়ভাবে উৎপাদিত দ্রব্য, পান-সুপারি, সবজি, নানা জাতের মসলা, জুতা, প্রসাধনসামগ্রী বিক্রি করতে দেখা গেছে।
জানা যায়, লাউড়েরগড়ের এলাকায় নারী, পুরুষ ও শিশু সবাই ভারত থেকে ভেসে আসা বালু ও পাথর যাদুকাটা নদীর নিচ থেকে কুড়িয়ে জীবন জীবিকা নির্বাহ করেন। প্রত্যন্ত অঞ্চল হওয়ায় এ কাজ ছাড়া তাদের আর কোনো কর্মস্থানের সুযোগ ছিল না।
স্থানীয় বাসিন্দারা জানান, এখানে সীমান্ত হাট চালু হওয়ায় প্রত্যন্ত অঞ্চলের মানুষের উপকার হয়েছে। এর পাশাপাশি দুদেশের সীমান্ত এলাকার মানুষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপিত হবে। এমনকি বর্ডার হাট চালু হওয়ায় তারা খুশি। অনেকের কর্মসংস্থান হয়েছে।
সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বলেন, সীমান্তের হাটটিতে বাড়তি নজর দারি রাখা হবে।
সিলেটে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার নিরাজ কুমার জয়সওয়াল বলেন, বর্ডার হাটে কৃষিপণ্যকে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি হাটটি উদ্বোধনের ফলে ভারত-বাংলাদেশ অর্থনৈতিক দিক দিয়ে লাভবান হবে।
সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেন, বর্ডার হাটটি উদ্বোধনের ফলে দুই দেশের সম্পর্ক আরও মজবুত হয়েছে।




