অনলাইন ডেস্ক: নির্বাচন কমিশন এখন নিরপেক্ষ উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকার নির্বাচনে কোনো হস্তক্ষেপ করবে না। তবে কেউ নির্বাচন বানচাল করতে চাইলে তাদের কঠোর হস্তে প্রতিহত করা হবে।

শনিবার (৮ এপ্রিল) রমজান উপলক্ষে মিরপুর সিদ্ধান্ত হাইস্কুল মাঠে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিএনপি মানুষের জন্য রাজনীতি করে না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি এ দেশে আগুন সন্ত্রাসী হিসেবে সবার কাছে চিহ্নিত। তারা মানুষের জন্য রাজনীতি করে না।

বঙ্গবাজারের আগুন নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, দেশে সাম্প্রতিক সময়ে আগুন নিয়ে যেসব নাশকতার ঘটনা ঘটছে, বিএনপি এর সঙ্গে জড়িত রয়েছে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তারা কূটনীতিকদের পাড়ায় পাড়ায় পদচারণা করছে। জাতিসংঘের কাছে নালিশ দেবে বলেছে। জাতিসংঘের কাছে যতো নালিশ করেন, যতো আবদার করেন, সালিশ করার এখতিয়ার জাতিসংঘের নেই। বিদেশ থেকে অনেক কূটনীতিক আসে। সরকারের সঙ্গে বৈঠক হয়। কিন্তু বিএনপির সঙ্গে তারা কোনো বৈঠক করে না।

তিনি বলেন, বিএনপির আন্দোলন ভুয়া। তাদের ১০ দফা ভুয়া, ২৭ দফাও ভুয়া। টেমস নদীর পাড় থেকে অনলাইনে আন্দোলনের ডাক দেন তারেক রহমান। তাদের ডাকে মানুষ সাড়া দেয় না। আন্দোলনের নামে বিএনপি আজ নৈরাজ্য করতে চায়, নাশকতা করতে চায়।

 

টিএমবি/এস

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version