ইবি প্রতিনিধি- ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ‘মফিজ লেক’ এলাকায় অভিযান চালিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি। এসময় প্রায় ১০ জোড়া বহিরাগত নাবালক প্রেমিক যুগলকে আটক করা হয়। বৃহস্পতিবার (১০ই মার্চ) সকালে অভিযান চালিয়ে তাদের আটক করে প্রক্টরিয়াল বডির সদস্যরা। জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক ড. শফিকুল ইসলামের নেৃতৃত্বে বিশ্ববিদ্যালয়ের ‘মফিজ লেক’ এলাকায় অভিযান চালানো হয়। এসময় সহকারী প্রক্টর ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম জুয়েল ও বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা রোজদার আলী রুপম উপস্থিত ছিলেন। অভিযানে ১০ জোড়া বহিরাগত প্রেমিক যুগলকে আটক করে তারা। আটককৃত প্রেমিক যুগলের অধিকাংশই অপ্রাপ্তবয়স্ক ও স্কুল পড়ুয়া। তাদের বাড়ি ক্যাম্পাস পার্শ্ববর্তী এলাকায়। পরে তাদের স্ব স্ব পরিবারকে মোবাইলে বিষয়টি জানানো হয়। পরিবার থেকে ‘পরবর্তীতে ছেলে-মেয়েরা এমন কর্মকাণ্ড করবেনা’ প্রতিশ্রুতি দিলে তাদেরকে ছেড়ে দেয়া হয়। বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক ড. শফিকুল ইসলাম বলেন, বহিরাগত বিভিন্ন স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা ক্যাম্পাসের লেক এলাকায় অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত হয়। খবর পেয়ে আমরা সেখানে গিয়ে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করি। পরে তাদের স্ব স্ব পরিবারকে ফোন দিয়ে বিষয়টি জানাই। আমাদের এ অভিযান চলমান থাকবে।
Previous Articleমাদারীপুরের শিবচরে এক গৃহবধূর আত্মহত্যা
Next Article তাহিরপুরের ৭ ইউপি সদস্যদের বরন করল উপজেলা পরিষদ




