‘নতুন বাস্তবতা’। ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) যোগ দিতে জরুরি আবেদন করতে যাচ্ছে জর্জিয়া। দেশটির গভর্নিং পার্টির চেয়ারম্যান ইরাকলি কোবাখিদজে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, তার দেশের সরকার আগামীকাল ব্রাসেলসে এই আবেদন জমা দেওয়ার জন্য জরুরিভাবে একটি আবেদনপত্র প্রস্তুত করছে।
তিনি বলেন, সাধারণ রাজনৈতিক পরিস্থিতি ও নতুন বাস্তবতার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রাশিয়ান হামলা শুরু হওয়ার পর থেকে ইউক্রেনের প্রতি সংহতি প্রকাশ করে দেশটিতে বহু মানুষ বড় বিক্ষোভ করেছে। তবে রাশিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় যোগ দেয়নি জর্জিয়ান সরকার।
শুধু তাই নয় সোমবার জর্জিয়ান স্বেচ্ছাসেবক যোদ্ধাদের একটি দলকে তিবিলিসি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চলে যেতে এবং ইউক্রেনের যুদ্ধে যোগদানের অনুমতি দেয়নি দেশটি।
এর প্রতিবাদে, প্রেসিডেন্ট জেলেনস্কি জর্জিয়ায় ইউক্রেনের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নেন।
জর্জিয়ার সরকার রাশিয়াকে উস্কে দিতে চায় না। কারণ, জর্জিয়ার বিচ্ছিন্ন অঞ্চল দক্ষিণ ওসেটিয়া এবং আবখাজিয়ায় রাশিয়ার সামরিক ঘাঁটি রয়েছে।
তবে জর্জিয়ান সরকার ন্যাটো ও ইইউতে যোগদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ, এখন তা দেখানোর জন্য দেশের জনগণের চাপের মধ্যে রয়েছে দেশটির সরকার।
সূত্র : বিবিসি


