আবারও জয়ের ধারায় ফিরল বার্সেলোনা। প্রতিপক্ষের মাঠে রবিবার (২৩ জানুয়ারী) রাতে লা লিগায় আলাভেসের বিপক্ষে ১-০ ব্যবধানে জয়ে পেল শাভি এরনান্দেসের দল। এর ফলে তিন ম্যাচ পর জয়ের দেখা পেল কাতালান ক্লাবটি।

লা লিগায় গ্রানাদার বিপক্ষে ড্র করার পর স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে তারা হেরেছিল ৩-২ গোলে। আর গত বৃহস্পতিবার আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে ৩-২ গোলে হেরে কোপা দেল রের শেষ ষোলো থেকে বিদায় নেয় কাতালান দলটি।

বার্সেলোনার প্রায় সব ম্যাচেই একটা চিত্রে তেমন কোনো পরিবর্তন আসে না; বল দখলে সবসময়ই আধিপত্য থাকে দলটির। আলাভেসের বিরুদ্ধেও তাই দেখা যায়। পুরো ম্যাচেই ৭৫ শতাংশের বেশি সময় বল ছিল তাদের পায়ে, কিন্তু আক্রমণে ছিল না কোনো ধার।

ম্যাচের ৮৭তম মিনিটে বার্সেলোনা উদযাপনের উপলক্ষ পায়। বাঁ দিক থেকে জর্দি আলবার ডি-বক্সে বাড়ানো দারুণ ক্রসে অফসাইডের ফাঁদ ভেঙে তরেস বল ধরে ফাঁকায় ফ্রেংকি ডি ইয়ংকে পাস দেন। অনায়াসে বাকি কাজ সারেন ডাচ মিডফিল্ডার। আলাভেসের পক্ষ থেকে জোরাল অফসাইডের দাবি উঠলেও ভিএআরে টিকে যায় গোল। ব্যবধান ধরে রেখে স্বস্তির জয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।

২১ ম্যাচে ৯ জয় ও ৮ ড্রয়ে পাঁচ নম্বরে থাকা বার্সেলোনার পয়েন্ট ৩৫। সমান ম্যাচে ১ পয়েন্ট বেশি নিয়ে চতুর্থ স্থানে আতলেতিকো মাদ্রিদ। দিনের অন্য ম্যাচে এলচের সঙ্গে ২-২ ড্র করা রিয়াল মাদ্রিদ ২২ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। সমান ম্যাচে ৪ পয়েন্ট কম নিয়ে দুইয়ে সেভিয়া। তিন নম্বরে রিয়াল বেতিসের পয়েন্ট ৪০।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version