Site icon দ্যা মেইল বিডি / খবর সবসময়

আমেরিকা যেতে পারলেন না বাইডেনকে উদ্ধারকারী সেই আফগান

নাম তার মোহাম্মদ। সম্প্রতি মার্কিন সংবাদ মাধ্যম ‘ওয়াল স্ট্রিট জার্নাল’র একটি প্রতিবেদনে উঠে আসে তার নাম। যদিও মোহাম্মদের পুরো নাম প্রকাশ করা হয়নি ওই প্রতিবেদনে। তবে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে আফগানিস্তানে বিপদের মুখে তার সাহায্যের কথা তুলে ধরা হয়েছে প্রতিবেদনটিতে।

এতে বলা হয়েছে, ২০০৮ সালে আমেরিকার তৎকালীন সিনেটর, বর্তমানে যিনি প্রেসিডেন্ট জো বাইডেন, আফগানিস্তানে গিয়ে তুষারঝড়ের কবলে পড়েছিলেন। তার সঙ্গে ছিলেন আরও দু’জন সিনেটর। এ সময় তাদেরকে উদ্ধার করেছিলেন মোহাম্মদ নামের এই আফগান, যিনি একজন অনুবাদক ও দোভাষী।”

মার্কিন গণমাধ্যম দ্য নিউইয়র্ক পোস্ট ও ইন্ডিপেন্ডেন্ট ইউকে– এর খবরে বলা হয়, তালেবান আফগানিস্তানের ক্ষমতা নিয়ন্ত্রণে নেওয়ার পর যেসব আফগান অনুবাদককে যুক্তরাষ্ট্রে নেওয়া হয়েছে, সেই তালিকায় থাকতে পারেননি মোহাম্মদ।

এর আগে ওয়াল স্ট্রিট জার্নাল–এর কাছে এক সাক্ষাৎকারে বাইডেনের কাছে আমেরিকা যাওয়ার জন্য আকুতিও জানিয়েছেন তিনি। ওই সাক্ষাৎকারে মোহাম্মদ বলেন, তার স্ত্রী ও চার সন্তান তালেবানের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন।

আমলাতন্ত্রের জটের কারণে আমেরিকায় যাওয়া হয়নি মোহাম্মদের। বাইডেনকে উদ্দেশ করে তিনি বলেন, আমাকে ভুলে যাবেন না।

Exit mobile version