সোমবার, নভেম্বর ৩০

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বালখ প্রদেশে নারীদের নিজস্ব নাম ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে তালেবান কর্তৃপক্ষ। সরকারি নথি, হাসপাতালের রেকর্ড ও চিকিৎসকের ব্যবস্থাপত্রে নারীদের প্রকৃত নামের পরিবর্তে ‘বিবি’ সম্বোধন ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের মে মাসে জারি করা নির্দেশনায় সরকারি কর্মকর্তা ও স্বাস্থ্যকর্মীদের নারীদের নাম লেখা এবং নাম ধরে সম্বোধন করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। পরিবর্তে ‘বিবি’ শব্দটি ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। আফগান সমাজে ‘বিবি’ শব্দটি সাধারণত বয়স্ক নারী বা দাদিকে বোঝাতে ব্যবহৃত হয়।

এ বিষয়ে আফগান নারী অধিকারকর্মী লালাহ ওসমানি উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁর মতে, নারীদের নিজস্ব নাম ব্যবহারে বাধা দেওয়া তাদের ব্যক্তিগত পরিচয় ও মানবিক মর্যাদাকে অস্বীকার করার একটি প্রক্রিয়া।

এমনকি বিভিন্ন নারী, চিকিৎসক ও অধিকারকর্মীর বক্তব্যের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, কিছু ক্ষেত্রে নারীদের পরিচয়ের পরিবর্তে ‘ছাগল’ ও ‘গরু’র মতো অবমাননাকর শব্দও ব্যবহার করা হচ্ছে। বিষয়টি নারীদের প্রতি বৈষম্য ও অসম্মানের নতুন উদাহরণ হিসেবে আলোচনায় এসেছে।

এই নির্দেশনা নিয়ে স্বাস্থ্যসেবা খাতেও উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, চিকিৎসার নথি ও ব্যবস্থাপত্রে একাধিক নারীর নামের পরিবর্তে একই সম্বোধন ব্যবহার করা হলে রোগী শনাক্তকরণে বিভ্রান্তি তৈরি হতে পারে। এতে চিকিৎসার তথ্য সংরক্ষণ এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা গ্রহণেও সমস্যা দেখা দিতে পারে।

উল্লেখ্য, ২০১৭ সালে লালাহ ওসমানি ‘হোয়ার ইজ মাই নেম?’ নামে একটি প্রচারণা শুরু করেন। এর মূল উদ্দেশ্য ছিল আফগানিস্তানের সরকারি নথিতে নারীদের নিজস্ব নাম অন্তর্ভুক্ত করা। দীর্ঘ প্রচেষ্টার পর ২০২০ সালে দেশটির তৎকালীন সরকার শিশুদের জন্মনিবন্ধনে মায়ের নাম স্বেচ্ছায় যুক্ত করার সুযোগ দেয়।

২০২১ সালে তালেবান পুনরায় আফগানিস্তানের ক্ষমতায় আসার পর থেকে নারী ও মেয়েদের শিক্ষা, কর্মসংস্থান এবং সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের ওপর বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হয়েছে। নতুন এই নির্দেশনা দেশটির নারীদের ব্যক্তিগত পরিচয় ও অধিকার নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ আরও বাড়িয়েছে।

তবে এখন পর্যন্ত নারীদের নাম ব্যবহারে এই নিষেধাজ্ঞার তথ্য বালখ প্রদেশকে কেন্দ্র করেই পাওয়া গেছে। এটি পুরো আফগানিস্তানে কার্যকর হয়েছে—এমন নিশ্চিত তথ্য প্রকাশিত হয়নি।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version