নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় খালার বাড়িতে বেড়াতে এসে সোমেশ্বরী নদীতে গোসল করতে নেমে স্রোতের তোড়ে ভেসে গিয়ে সিফাত মিয়া (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের রানিখং এলাকার নদীঘাটে এ ঘটনা ঘটে। নিহত সিফাত একই ইউনিয়নের কাঁকড়াকান্দা গ্রামের ইউসুফ মিয়ার ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সিফাত মিয়া সম্প্রতি উপজেলার বহেরাতলী গ্রামে তার খালার বাড়িতে বেড়াতে এসেছিল। বুধবার দুপুরে সে তার খালাতো ভাই আলী হাসানের সঙ্গে রানিখং এলাকার ঘাট দিয়ে সোমেশ্বরী নদীতে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে নদীর প্রবল স্রোতে হঠাৎ করেই নিয়ন্ত্রণ হারিয়ে গভীর পানিতে ভেসে যেতে থাকে সিফাত।
চোখের সামনে ভাইকে পানিতে তলিয়ে যেতে দেখে খালাতো ভাই আলী হাসান তাকে উদ্ধারের আপ্রাণ চেষ্টা চালায়। সে দ্রুত একটি বাঁশ ছুড়ে দিয়ে সিফাতকে টেনে তোলার চেষ্টা করে। পানির স্রোত তীব্র থাকায় সিফাত নিজেকে রক্ষা করতে ব্যর্থ হয় এবং মুহূর্তের মধ্যেই সবার চোখের সামনে আবারও পানিতে তলিয়ে যায়।
পরে খবর পেয়ে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং নদীতে ব্যাপক খোঁজাখুঁজি শুরু করেন। বেশ কিছুক্ষণ তল্লাশি চালানোর পর স্থানীয়দের সহায়তায় তাকে মুমূর্ষু অবস্থায় নদী থেকে উদ্ধার করা হয়। এরপর কালক্ষেপণ না করে সিফাতকে দ্রুত দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে তাৎক্ষণিকভাবে দুর্গাপুর থানা পুলিশ হাসপাতালে উপস্থিত হয়। এ বিষয়ে দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন বলেন, “নিহত কিশোরের মরদেহ হাসপাতালে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। আমরা এখনই ঘটনাস্থলের উদ্দেশে রওনা হচ্ছি। সরেজমিনে তদন্ত কার্যক্রম সম্পন্ন করার পর এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”




