নিজস্ব প্রতিবেদক | দ্যা মেইল বিডি
রাজধানীর বিভিন্ন সরকারি সেবা প্রতিষ্ঠানের কার্যক্রম, পরিচ্ছন্নতা ও ব্যবস্থাপনা সরেজমিনে দেখতে ঢাকার ১৩টি স্থানে আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৭ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি আবাসিক এলাকা ও ফুটপাত পরিদর্শন করেন তিনি।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলুর বরাত দিয়ে জানা যায়, সকাল ৯টা ১০ মিনিটে শুরু হওয়া পরিদর্শন চলে দুপুর ১টা ৪১ মিনিট পর্যন্ত। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী।
পরিদর্শনের শুরুতে তিনি উত্তরার কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে যান। এরপর রাজউক উত্তরা মডেল কলেজ, মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ, পাইকপাড়া স্টাফ কোয়ার্টার ও সরকারি বাঙলা কলেজ পরিদর্শন করেন।
এ ছাড়া বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল, ঢাকা রেসিডেনশিয়াল মডেল কলেজ, ধানমন্ডি সরকারি বালক উচ্চ বিদ্যালয়, কলাবাগান স্টাফ কোয়ার্টার এবং আজিমপুর সরকারি কর্মকর্তা-কর্মচারী আবাসিক এলাকায় যান তিনি। মিরপুর-১০ এলাকায় হকারমুক্ত একটি ফুটপাতও পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।
পরিচ্ছন্নতা উন্নয়নে সময়সীমা
কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের পরিবেশ ও পরিচ্ছন্নতা ব্যবস্থার উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সাত দিন সময় দেন প্রধানমন্ত্রী। অন্যদিকে, আজিমপুর সরকারি কর্মকর্তা-কর্মচারী আবাসিক এলাকার পরিচ্ছন্নতা ও ব্যবস্থাপনা উন্নয়নে দুই সপ্তাহের সময়সীমা নির্ধারণ করেন তিনি।
পরিদর্শনের সময় কয়েকটি স্থানের পরিচ্ছন্নতা ও ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। সরকারি সেবার মান উন্নয়ন, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জনস্বাস্থ্য সুরক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্ব দেন তিনি।
ঢাকা রেসিডেনশিয়াল মডেল কলেজে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে ভূমিকা রাখা এবং বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী।
এদিকে, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে এক চিকিৎসককে অপরিচ্ছন্ন কক্ষে ধূমপানরত অবস্থায় দেখতে পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনও পরিদর্শনকালে উপস্থিত ছিলেন।





