পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
‘শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—ব্যানারে লেখা এই স্লোগান বাস্তবে সীমাবদ্ধ থাকল কেবল উপজেলা চত্বরের সীমানার ভেতরেই। বাল্যবিয়ে রোধ ও কন্যাশিশুর অধিকার নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর কথা থাকলেও শহরের মূল সড়কে নামেনি কোনো শোভাযাত্রা। চত্বরের ভেতরেই দায়সারা র্যালি আর হলরুমে অল্প কয়েকজন নিয়ে আলোচনা সভা করেই শেষ করা হয়েছে আন্তর্জাতিক কন্যাশিশু দিবসের আনুষ্ঠানিকতা। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে প্রশাসনের এমন কাণ্ডে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।
সোমবার (১২ অক্টোবর) উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ দিবসটি পালন করা হয়। তবে জনসমাগমপূর্ণ শহরের প্রধান সড়কে র্যালি না করে প্রশাসনের কর্মকর্তারা নিজেদের চত্বরেই কর্মসূচি শেষ করায় প্রশ্ন উঠেছে দিবসটি পালনের মূল উদ্দেশ্য নিয়ে।স্থানীয় বাসিন্দারা বলছেন, কন্যাশিশু দিবসের মূল উদ্দেশ্য হলো কন্যাশিশুদের প্রতি বৈষম্য দূর করা এবং বাল্যবিয়ের কুফল সম্পর্কে তৃণমূলের সাধারণ মানুষকে সচেতন করা।
কিন্তু শহরের মূল রাস্তায় না গিয়ে উপজেলা চত্বরের ভেতরের ফাঁকা চত্বরে র্যালি করায় সাধারণ মানুষের সঙ্গে কোনো সংযোগই তৈরি হয়নি। সচেতনতা তৈরির চেয়ে এটি নিছক ‘কাগজে-কলমে দায়িত্ব পালন’ বলে দাবি করেন তাঁরা। আলোচনা সভায় উপস্থিত থাকলেও আয়োজনের এমন পরিধি নিয়ে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া।
তিনি বলেন, “সরকার বিভিন্ন দিবস পালনের নির্দেশ দিলে এই উপজেলায় শুধু উপজেলা চত্বরেই তা সীমাবদ্ধ থাকে। সরকারের উদ্দেশ্য থাকে বার্তাটি জনগণের সামনে তুলে ধরা, কিন্তু এখানে তা কখনো হয় না। আজকের আন্তর্জাতিক কন্যাশিশু দিবসের আলোচনা সভাতেও সাধারণ মানুষের কোনো অংশগ্রহণ ছিল না।”
কর্মসূচি কেবল উপজেলা চত্বরে আটকে রাখার বিষয়ে জানতে চাইলে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জিন্নাতারা ইয়াসমিন বলেন, “দিবসটি সরকারি নির্দেশনা অনুসারেই পালিত হয়েছে। অতিরিক্ত দায়িত্ব হিসেবে আমি জেলা পর্যায়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলাম।
পীরগঞ্জে র্যালি কোথা থেকে কোথায় গেছে তা আমার জানা নেই; বিষয়টি ইউএনও ভালো বলতে পারবেন।” এ বিষয়ে বক্তব্যের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম রব্বানী সরদারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। প্রথমে দুই দফা তিনি ফোন কেটে দেন। পরে তৃতীয়বার সংযোগ পেলেও তিনি বলেন, “আমি একটি জুম মিটিংয়ে আছি, পরে আপনার সাথে কথা বলব।”




