সোমবার, অক্টোবর ১২

 বৈশ্বিক অর্থনৈতিক স্থিতিশীলতা, উন্নয়ন অর্থায়ন, বিনিয়োগ সম্প্রসারণ ও আর্থিক খাতের সংস্কার নিয়ে আলোচনার মধ্য দিয়ে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আজ শুরু হয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংক গ্রুপের বার্ষিক সভা। এতে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল অংশ নিচ্ছে।

প্রতিনিধিদলে রয়েছেন- প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, অর্থসচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার এবং জাতীয় রাজস্ব বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব।

১২ থেকে ১৮ অক্টোবর ব্যাংককের কুইন সিরিকিত জাতীয় সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এ সভায় বিশ্বের বিভিন্ন দেশের অর্থমন্ত্রী, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, নীতিনির্ধারক, উন্নয়ন সহযোগী ও বেসরকারি খাতের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। বৈশ্বিক অর্থনীতির চ্যালেঞ্জ মোকাবিলা, আর্থিক খাতের স্থিতিশীলতা, উন্নয়ন অর্থায়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে বেসরকারি বিনিয়োগের ভূমিকা এবারের সভার আলোচনায় গুরুত্ব পাচ্ছে।

বাংলাদেশের জন্য এবারের সভার অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো দেশের নিজস্ব অর্থনৈতিক অগ্রাধিকার ও বাস্তবতার ভিত্তিতে সংস্কার কার্যক্রম তুলে ধরা এবং আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব আরও জোরদার করা। একই সঙ্গে ব্যাংক খাতের সুশাসন, রাজস্ব আহরণ বৃদ্ধি, বিনিয়োগ পরিবেশের উন্নয়ন এবং উন্নয়ন কর্মকাণ্ডে অর্থায়নের বিষয়ে আইএমএফ ও বিশ্বব্যাংকের সঙ্গে আলোচনা করা।

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বাসসকে বলেন, ব্যাংকক সভায় বাংলাদেশ নিজস্ব উদ্যোগে প্রণীত অর্থনৈতিক সংস্কার পরিকল্পনা তুলে ধরবে। দেশের কাঠামোগত দুর্বলতাগুলো চিহ্নিত করে সরকার নিজস্ব অগ্রাধিকারের ভিত্তিতে সংস্কারের উদ্যোগ নিয়েছে। এ ক্ষেত্রে আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর সহযোগিতা চাওয়া হচ্ছে দেশের বাস্তবতা ও নীতিগত অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য রেখে।

বাংলাদেশের এ অবস্থানের লক্ষ্য হলো আন্তর্জাতিক সহযোগিতা কাজে লাগিয়ে অর্থনীতির বিদ্যমান দুর্বলতা দূর করা এবং সংস্কার কার্যক্রমকে আরও কার্যকর করা। রাজস্ব আহরণ বাড়ানো, ব্যাংক খাতের সুশাসন প্রতিষ্ঠা, বিনিয়োগের বাধা দূর করা এবং অর্থনৈতিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি বাড়ানোর মতো বিষয় এক্ষেত্রে গুরুত্বপূর্ণ।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বাধীন প্রতিনিধিদল সভার ফাঁকে আইএমএফ ও বিশ্বব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রাধিকার ও উন্নয়ন অর্থায়নের চাহিদা তুলে ধরার সুযোগ পাবেন। একই সঙ্গে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে আলোচনা করে দেশের সংস্কার কার্যক্রমে সহযোগিতা বাড়ানো এবং বিনিয়োগের নতুন সুযোগ অনুসন্ধানও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

এবারের সভায় আইএমএফের সাথে বাংলাদেশের ভবিষ্যৎ ঋণ কর্মসূচি ও সংস্কার পরিকল্পনা নিয়ে আলোচনা বিশেষ গুরুত্ব পেতে পারে। ব্যাংক খাতের দুর্বলতা দূর করা, রাজস্ব আহরণ বাড়ানো, করব্যবস্থার সংস্কার এবং সরকারি ব্যয়ের কার্যকারিতা বাড়ানোর মতো বিষয় সম্ভাব্য আলোচ্যসূচিতে রয়েছে। এসব ক্ষেত্রে দেশের অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় নিয়ে বাস্তবসম্মত ও ধাপে ধাপে সংস্কার বাস্তবায়ন বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ।

বাংলাদেশ সরকার নিজস্ব অগ্রাধিকার ও বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সংস্কার কর্মসূচির বিষয়ে আইএমএফের সাথে আলোচনায় গুরুত্ব দিচ্ছে। ব্যাংকক সভায় এ বিষয়ে মতবিনিময়ের পাশাপাশি ভবিষ্যৎ অর্থায়নের কাঠামো ও সংস্কার কার্যক্রমের বিষয়ে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে।

অন্যদিকে, উন্নয়ন কর্মকাণ্ডে অর্থায়নের উৎস বহুমুখীকরণ, বেসরকারি বিনিয়োগ আকর্ষণ এবং দীর্ঘমেয়াদি অর্থায়নে পুঁজিবাজার ও বন্ডবাজারের ভূমিকা বাড়ানোর বিষয়েও বাংলাদেশের অবস্থান তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে। বৈদেশিক ঋণের পাশাপাশি দেশীয় সম্পদ আহরণ ও বেসরকারি পুঁজি ব্যবহারের সক্ষমতা বাড়ানো দেশের অর্থনৈতিক ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

বিশ্বব্যাংকের এবারের সভার কর্মসূচিতে কর্মসংস্থান সৃষ্টিতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এবং উন্নয়ন কর্মকাণ্ডে বেসরকারি পুঁজি সংগ্রহের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। ফলে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য প্রযুক্তিনির্ভর বিনিয়োগ, নতুন কর্মসংস্থান এবং উৎপাদনশীল খাতে অর্থায়ন সম্প্রসারণ নিয়ে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি হবে।

সংশ্লিষ্টদের মতে, ব্যাংককে বাংলাদেশের অংশগ্রহণের গুরুত্ব শুধু ঋণ বা আর্থিক সহায়তা নিয়ে আলোচনার মধ্যে সীমাবদ্ধ নয়। দেশের নিজস্ব সংস্কার পরিকল্পনা তুলে ধরা, আন্তর্জাতিক অংশীদারদের আস্থা জোরদার এবং বিনিয়োগ ও উন্নয়ন অর্থায়নের নতুন সুযোগ অনুসন্ধানের ক্ষেত্রেও এ সভা গুরুত্বপূর্ণ। নিজস্ব অগ্রাধিকার বজায় রেখে কার্যকর সংস্কার বাস্তবায়ন এবং উন্নয়ন সহযোগীদের সঙ্গে সমন্বয় বাড়াতে পারলে তা বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থাপনা ও দীর্ঘমেয়াদি উন্নয়ন লক্ষ্য অর্জনে সহায়ক হতে পারে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version