মোঃ নাজমুল হাসান অপু। বরগুনা প্রতিনিধি :
বরগুনার তালতলীতে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার (৫ অক্টোবর) উপজেলা পরিষদের পায়রা সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে একটি র্যালি বের করা হয়। র্যালিতে উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের কর্মকর্তা-কর্মচারীসহ উপজেলার বিভিন্ন কলেজ, মাদ্রাসা ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা অংশ নেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. টিপু সুলতান। সভায় বক্তব্য দেন তালতলী সরকারি ডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক আব্দুর রহমান, তালতলী সালেহিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হারুনুর রশিদ, উম্মুলক্বুরা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সরমি সুলতানা, ছোট ভাইজাড়া ছালেহিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মো. আবুল কালাম, সোবাহানপাড়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল কাবির, তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল চন্দ্র সরকার, ছোট বগী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইদ্রিসুর রহমান, লাউপাড়া সাগর সৈকত মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর হোসাইন, দক্ষিণ ঝারাখালী ছালিহিয়া দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী মো. ইউসুফ আলী, ছোট বগী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমান এবং কমডেকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মাসুম বিল্লাহ। বক্তারা বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড।
অথচ শিক্ষকদের যথাযথ মূল্যায়ন ও সুযোগ-সুবিধা নিশ্চিত না হলে শিক্ষাব্যবস্থার কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। বর্তমান সময়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষকদের বেতন-ভাতা বৃদ্ধি করা প্রয়োজন। বেতন-ভাতা পর্যাপ্ত না হলে অনেক শিক্ষক আর্থিক সংকটে পড়ে অন্য পেশায় জড়িয়ে পড়তে বাধ্য হন। এতে পাঠদানের প্রতি শিক্ষকদের মনোযোগ ও শিক্ষার গুণগত মান ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে।
বক্তারা আরও বলেন, এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া বর্তমানে মাত্র এক হাজার টাকা। বর্তমান বাজারদরে এ অর্থ দিয়ে কোথাও একটি বাসা ভাড়া নেওয়া সম্ভব নয়। তাই শিক্ষকদের বেতন-ভাতা, বাড়িভাড়া, চিকিৎসা ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা সময়োপযোগীভাবে বৃদ্ধি করার দাবি জানান তারা। বিশ্ব শিক্ষক দিবসের এই আলোচনা সভা থেকে শিক্ষকদের মর্যাদা ও জীবনমান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান শিক্ষকবৃন্দ।




