মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯

যশোর প্রতিনিধিঃ

জ্বালানি তেল ও কৃষি উপকরণের দাম বৃদ্ধি প্রত্যাহার, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত চুক্তি প্রকাশ এবং কৃষকদের সামাজিক সুরক্ষা নিশ্চিতের দাবিতে যশোরে বিক্ষোভ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে শহরের দড়াটানা ভৈরব চত্বরে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে কৃষক ক্ষেত মজুর সংগ্রাম পরিষদ, যশোর।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সংগ্রাম পরিষদ যশোরের আহ্বায়ক ও জাতীয় কৃষক ক্ষেত মজুর সমিতি যশোর জেলার সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জাতীয় কৃষক ক্ষেত মজুর সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক তসলিম উর রহমান, বাংলাদেশ ক্ষেত মজুর সমিতির কেন্দ্রীয় সদস্য আব্দুল মজিদ, বাংলাদেশ কৃষক সমিতি যশোর জেলার সভাপতি আব্দুর রহিম, সমাজতান্ত্রিক কৃষক ফ্রন্ট যশোরের আহ্বায়ক আলাউদ্দীন এবং জাতীয় কৃষক ক্ষেত মজুর সমিতি যশোর জেলার দপ্তর সম্পাদক পলাশ বিশ্বাস। সমাবেশে বক্তারা সরকারের কঠোর সমালোচনা করে বলেন, বাংলাদেশের ইতিহাসের নজিরবিহীনভাবে এক লাফে জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ানো হয়েছে। সার, গ্যাস ও বিদ্যুতের তীব্র সংকটে কৃষক সমাজ আজ দিশেহারা।

দেশের প্রায় ৪৫ শতাংশ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষির সঙ্গে জড়িত হলেও তাদের ভাগ্যন্নোয়নে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দিয়ে এ দেশের উৎপাদনমুখী কৃষক ও দিনমজুরদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে।

বক্তারা আরও বলেন , বিগত অন্তর্বর্তীকালীন সরকার দেশবিরোধী মার্কিন চুক্তি সই করেছিল। বর্তমান সরকারও সেই একই পথে হেঁটে জাতীয় সংসদে চুক্তিটি নিয়ে কোনো আলোচনা করছে না। গদি বাঁচাতে ইউনুস সরকারের অসম চুক্তি বাস্তবায়নে মরিয়া হয়ে উঠেছে এই সরকার। সমাবেশ থেকে সংগ্রাম পরিষদের পক্ষ থেকে ইরি মৌসুমে ডিজেলের দাম কমানো, মার্কিন চুক্তি জনসমক্ষে প্রকাশ, কৃষকদের উৎপাদিত ফসলের সার্বজনীন বীমা চালু এবং ৬৫ বছরোর্ধ্ব কৃষক-মজুরদের জন্য স্থায়ী পেনশন ভাতা চালুর দাবি জানানো হয়।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version