নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে সোমেশ্বরী ব্রিজের নিচ দিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে ছিল। কাদা ও পানিবদ্ধতার কারণে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল হাজারো মানুষকে। অবশেষে সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টের সূত্র ধরে দীর্ঘদিনের জনদুর্ভোগের অবসান ঘটল। বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের তাৎক্ষণিক উদ্যোগে শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে সড়কটি চলাচলের উপযোগী করা হয়েছে।

সোমেশ্বরী ব্রিজের নিচ দিয়ে যাওয়া সড়কটি শুধু দুর্গাপুর পৌরসভার অংশই নয়, এটি বিরিশিরি ও বাকলজোড়া ইউনিয়ন এবং ডেউটুন ঘাটসহ বিস্তীর্ণ এলাকার মানুষের যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম। এই পথ ধরেই দুই ইউনিয়নের অসংখ্য মানুষ সরাসরি নেত্রকোনা জেলা শহরের সঙ্গে যাতায়াত করেন।

স্থানীয়দের দীর্ঘদিনের অভিযোগ ছিল, ব্রিজের নিচে সড়কের ওঠা-নামার সংযোগস্থলে দীর্ঘদিন ধরে পানি জমে থাকায় সেখানে কাদা ও মাটির পুরু স্তর তৈরি হয়েছিল। সামান্য বৃষ্টিতেই পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করত। ফলে স্থানীয় শিক্ষার্থী ও পথচারীদের বাধ্য হয়েই প্রতিদিন কাদাপানি মাড়িয়ে চলাচল করতে হতো। মোটরসাইকেল, অটোরিকশা ও অন্যান্য ছোট যানবাহনকেও চরম ঝুঁকি নিয়ে বিপজ্জনক অংশটি পার হতে হতো, যা প্রায়ই দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াত।

সড়কটির ওই অংশে স্থায়ীভাবে সরাসরি সংযোগ তৈরির ক্ষেত্রে বড় ধরনের ভৌগোলিক ও কাঠামোগত জটিলতা রয়েছে। সংযোগস্থলের ঠিক পাশেই রয়েছে পিসিনল স্কুলের একটি বড় খেলার মাঠ। মাঠটি স্কুল কর্তৃপক্ষের নিয়ন্ত্রণাধীন হওয়ায় এতদিন ইচ্ছেমতো সড়ক সম্প্রসারণ বা সরাসরি স্থায়ী সংযোগ দেওয়া সম্ভব হয়নি। ফলে দীর্ঘদিন ধরে সমস্যাটি স্থায়ী সমাধানের অপেক্ষায় আটকে ছিল।

সম্প্রতি জনসাধারণের সীমাহীন দুর্ভোগের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে উঠে আসে এবং তা নেত্রকোনার কৃতি সন্তান ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নজরে পড়ে। বিষয়টি জানতে পেরেই তিনি মানুষের চলাচলের দুর্ভোগ কমাতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

তার প্রত্যক্ষ নির্দেশনায় শুক্রবার দুপুরে আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টারের নেতৃত্বে সড়কটির বেহাল অংশে সুরকি ও মাটি ফেলার কাজ শুরু হয়। দ্রুততম সময়ের মধ্যে সংস্কার কাজের ফলে আপাতত সড়কটি পুরোপুরি চলাচলের উপযোগী হয়েছে এবং স্থানীয় মানুষের দুর্ভোগ অনেকটাই কমে এসেছে।

তবে বিষয়টি শুধু সাময়িক সংস্কারেই সীমাবদ্ধ থাকছে না। জানা গেছে, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সড়কটির স্থায়ী সমাধানের উদ্যোগ নিয়েছেন। পিসিনল স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে কীভাবে খেলার মাঠের পরিবেশ অক্ষুণ্ণ রেখে কার্যকর ও স্থায়ী সংযোগ তৈরি করা যায়, সে বিষয়ে অচিরেই পদক্ষেপ নেওয়া হবে।

দীর্ঘদিনের সমস্যার দ্রুত সমাধানে এলাকায় ব্যাপক স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়রা মনে করছেন, স্থায়ীভাবে সড়কটির সংযোগ তৈরি করা সম্ভব হলে দুর্গাপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পাশাপাশি বিরিশিরি ও বাকলজোড়া ইউনিয়নের মানুষের যোগাযোগব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আসবে। একই সঙ্গে নেত্রকোনা জেলা শহরের সঙ্গে সরাসরি যাতায়াত আরও সহজ, নিরাপদ ও দ্রুততর হবে। সামাজিক যোগাযোগমাধ্যমের সাধারণ পোস্টকে আমলে নিয়ে দ্রুততম সময়ের মধ্যে এমন জনবান্ধব উদ্যোগ গ্রহণ করায় মাননীয় ডেপুটি স্পিকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version