নিজস্ব প্রতিবেদক: যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে নেত্রকোনার দুর্গাপুরে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা, আলোচনা, বিশেষ প্রার্থনা ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে দিনটি পালন করেন স্থানীয় পুণ্যার্থীরা।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ (দুর্গাপুর শাখা), পূজা উদযাপন ফ্রন্ট এবং দশভূজা বাড়ি মন্দির কমিটির যৌথ আয়োজনে আজ সকাল ১১টায় দুর্গাপুরের দশভূজা বাড়ি মন্দির চত্বর থেকে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। ঢাক-ঢোল ও কাঁসরের বাদ্যের তালে তালে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। শোভাযাত্রায় রাধা-কৃষ্ণের যুগল মূর্তি, রাম-সীতার সাথে লব-কুশসহ ভগবান শ্রীকৃষ্ণের জীবনের নানা ঘটনাবলি ও পৌরাণিক আবহে নিজেদের সজ্জিত করে অংশগ্রহণ করেন সব বয়সের পুণ্যার্থীরা। বর্ণাঢ্য শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দশভূজা মন্দিরে এসে শেষ হয়।

জন্মাষ্টমীর পুণ্য লগ্নে উপস্থিত ছিলেন- স্থানীয় প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং হিন্দু সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আহমেদ সাদাত। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সিপিবির নেতা ডা. দিবালোক সিংহ এবং দুর্গাপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ।

স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইমাম হাসান আবু চাঁন, বর্তমান সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন মাস্টার, পৌর বিএনপির সভাপতি আতাউর রহমান ফরিদ ও সাধারণ সম্পাদক হারেজ গনি।

সনাতন সম্প্রদায়ের নেতৃবৃন্দের মধ্যে শোভাযাত্রায় নেতৃত্ব দেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট মানেশ চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক নির্মলেন্দু সরকার বাবুল, সাংগঠনিক সম্পাদক টুকন সরকার, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি শুভেন্দু সরকার পিন্টু, সাধারণ সম্পাদক বিদ্যুৎ সরকার, সাংগঠনিক সম্পাদক নিরঞ্জন দেবনাথ, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি সুরঞ্জন পন্ডিত, সাধারণ সম্পাদক অসীম সাহা, পৌর পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি সুবল দে, দশভূজা বাড়ি মন্দির কমিটির সভাপতি ধীরেশ পত্রনবীশ এবং কালী বাড়ি মন্দির কমিটির সাধারণ সম্পাদক শ্যামল রায়। এছাড়াও এতে অগণিত ভক্ত ও পুণ্যার্থী অংশগ্রহণ করেন।

হিন্দু পুরাণমতে, ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, পৃথিবীতে যখন পাশবিক শক্তি প্রবল হয়ে সত্য, সুন্দর ও পবিত্রতাকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, ঠিক তখন সেই অসুন্দর ও অশুভকে দমন করে জাতিকে রক্ষা এবং পৃথিবীতে শুভ শক্তিকে প্রতিষ্ঠার জন্যই ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল।

উৎসবের আনুষ্ঠানিকতা শেষে উপস্থিত অগণিত ভক্তদের মাঝে পুণ্য প্রসাদ বিতরণ করা হয়। পরিশেষে, দেশ ও জাতির সার্বিক কল্যাণ, শান্তি এবং মঙ্গল কামনা করে মন্দিরে এক বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। উৎসবকে ঘিরে দুর্গাপুর উপজেলাজুড়ে ছিল বাড়তি নিরাপত্তা ও উৎসবের আমেজ।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version