নিজস্ব প্রতিবেদক: প্রান্তিক কৃষকদের জিম্মি করে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সার বিক্রির অপরাধে নেত্রকোনা সদর উপজেলায় অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট)।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) পরিচালিত এ অভিযানে একটি খুচরা সারের দোকানসহ দুটি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

জেলা প্রশাসন সূত্র জানায়, নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরাকোণা ইউনিয়নের বেতাটি বাজারে অবস্থিত ‘সাজল এন্টারপ্রাইজ’ নামক খুচরা সারের দোকানে দীর্ঘদিন ধরে কৃষকদের কাছ থেকে অতিরিক্ত দাম আদায় করা হচ্ছিল। এমন অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানে অভিযোগের সত্যতা পান ভ্রাম্যমাণ আদালত। জানা যায়, দোকানটিতে সরকার নির্ধারিত মূল্যের তোয়াক্কা না করে প্রান্তিক কৃষকদের কাছে চড়া দামে সার বিক্রি করা হচ্ছিল। প্রতি বস্তা ইউরিয়া সারের সরকার নির্ধারিত মূল্য ১৩৫০ টাকা হলেও তা বিক্রি করা হচ্ছিল ১৬০০ টাকায়। অর্থাৎ বস্তাপ্রতি ২৫০ টাকা বেশি নেওয়া হচ্ছিল। একইভাবে ১০৫০ টাকা নির্ধারিত মূল্যের ডিএপি সার কৃষকদের কাছে বিক্রি করা হচ্ছিল ১৫৫০ টাকায়, যা নির্ধারিত মূল্যের চেয়ে বস্তাপ্রতি ৫০০ টাকা বেশি।

অতিরিক্ত দামে সার বিক্রির বিষয়টি হাতেনাতে ধরা পড়লে অভিযুক্ত দোকান মালিক তার অপরাধ অকপটে স্বীকার করে নেন। পরবর্তীতে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’-এর সংশ্লিষ্ট ধারায় তাকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানার পাশাপাশি ওই ব্যবসায়ী উপস্থিত প্রান্তিক কৃষকদের সামনে ভবিষ্যতে সরকার নির্ধারিত মূল্যেই সার বিক্রির প্রতিশ্রুতি দেন।

এদিকে, একই দিন শহরের সাতপাই রেলক্রসিং এলাকায় অপর আরেকটি অভিযানে খাদ্যপণ্যে অনিয়মের দায়ে একটি দোকানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। সেখানেও অনিয়মের বিষয়টি প্রমাণিত হওয়ায় ওই প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

নেত্রকোনা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাহাবুদ্দিন মোবাইল কোর্ট পরিচালনা করেন। তিনি জানান, দিনব্যাপী পরিচালিত দুটি মামলায় ৪০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।

কৃষকদের স্বার্থ রক্ষায় এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে জেলা প্রশাসনের পক্ষ থেকে জনস্বার্থে এ ধরনের নিয়মিত তদারকি ও মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version