নিজস্ব প্রতিবেদক: যুবসমাজকে ক্রীড়ামুখী করা এবং খেলাধুলার মাধ্যমে তরুণদের মাদক, সন্ত্রাস, জুয়া ও অন্যান্য নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখার লক্ষ্যে নেত্রকোনায় আয়োজিত হতে যাচ্ছে ‘জেলা প্রশাসক (ডিসি) গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। জেলার প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে থাকা সম্ভাবনাময় ফুটবল প্রতিভা খুঁজে বের করা এবং বিভিন্ন উপজেলার মানুষের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও শক্তিশালী করা এ টুর্নামেন্টের অন্যতম প্রধান উদ্দেশ্য।

এ টুর্নামেন্ট উপলক্ষে বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় জেলা প্রশাসনের উদ্যোগে ও সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং ও লোগো উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এতে নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়াহিদ্দুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং বিস্তারিত তুলে ধরেন নেত্রকোনার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান।

প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান বলেন, ‍‍“মাননীয় প্রধানমন্ত্রীর উন্নত জাতি গঠনের যে লক্ষ্য, তার অন্যতম ভিত্তি হলো সংস্কৃতি ও ক্রীড়া। পজিটিভ বাংলাদেশ গড়ার ধারাবাহিকতায় জেলা পর্যায়ে ঐতিহ্যগতভাবেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।”

নেত্রকোনাকে ময়মনসিংহ বিভাগের ‘ফুটবলের পাওয়ার হাউস’ হিসেবে আখ্যায়িত করে তিনি আরও বলেন, “আমাদের প্রত্যেকের আলাদা উপজেলা থাকলেও দিনশেষে আমরা নেত্রকোনাবাসী। দিনশেষে নেত্রকোনাই জিতবে- এই স্পিরিট নিয়ে আমাদের মাঠে নামতে হবে এবং খেলা উপভোগ করতে হবে।”

খেলায় প্রতিপক্ষ থাকবে, কিন্তু শত্রু থাকবে না- এটাই আয়োজকদের মূল বার্তা। অতীতের ভুল-ত্রুটি এড়িয়ে এবার বর্ণিল, গঠনমূলক এবং অত্যন্ত প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন জেলা প্রশাসক।

অনুষ্ঠানে টুর্নামেন্টের সার্বিক প্রস্তুতির কথা জানান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়াহিদ্দুজ্জামান। আগামী ৪ সেপ্টেম্বর (শুক্রবার) বিকেল ৩টায় নেত্রকোনা পৌরশহরের মোক্তারপাড়া মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে জেলার ১০টি উপজেলা দল অংশগ্রহণ করছে। লটারির মাধ্যমে দলের জার্সির রঙ ও টুর্নামেন্টের ফিকশ্চার নির্ধারণ করা হয়েছে। উপজেলাগুলোকে জেলার দুটি ঐতিহ্যবাহী নদীর নামে দুই গ্রুপে বিভক্ত করা হয়েছে।

তিনি আরও জানান, ‘ক’ গ্রুপে (সোমেশ্বরী) সদর, মোহনগঞ্জ, দুর্গাপুর, বারহাট্টা ও পূর্বধলা এবং ‘খ’ গ্রুপে (মগরা) কেন্দুয়া, কলমাকান্দা, খালিয়াজুরী, আটপাড়া ও মদন। উদ্বোধনী দিনে মোক্তারপাড়া মাঠে বিকেল ৩টায় মুখোমুখি হবে দুর্গাপুর ও মোহনগঞ্জ উপজেলা।

তবে টুর্নামেন্টের গ্রুপ পর্বের সকল ম্যাচ মোক্তারপাড়া মাঠে অনুষ্ঠিত হলেও, দুটি সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে নেত্রকোনা আধুনিক স্টেডিয়ামে। আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর যথাক্রমে প্রথম ও দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। ফাইনাল খেলার তারিখ ও সময় পরবর্তীতে জানানো হবে।

নেত্রকোনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হেদায়তুল্লাহ রুমিন বলেন, “সারা বাংলাদেশের মধ্যে নেত্রকোনা জেলা ক্রীড়া সংস্থাই প্রথম এ বছর জেলা প্রশাসক গোল্ডকাপ শুরু করতে যাচ্ছে, যা আমাদের জন্য বড় বার্তা ও গর্বের বিষয়। আগে বেশিরভাগ অর্থায়ন জেলা প্রশাসক করলেও এবার খেলা পরিচালনার জন্য স্পন্সর আহ্বান করা হয়েছে।”

টুর্নামেন্ট চলাকালে দর্শক ও খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সংশ্লিষ্ট অংশীজনের সমন্বয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গণমাধ্যমের ইতিবাচক প্রচারের মাধ্যমে এই আয়োজন এবং তরুণ খেলোয়াড়দের অনুপ্রেরণামূলক গল্প মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানানো হয়।

প্রেস ব্রিফিং ও লোগো উন্মোচন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুন মুন জাহান লিজা, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিজা খাতুন, জেলা তথ্য অফিসের উপপরিচালক আল ফয়সাল, জেলা ক্রীড়া অফিসার সেতু আক্তার, জেলা আইসিটি কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, জেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক এস এম মনিরুজ্জামান দুদু এবং সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাজ উদ্দিন ফারাস সেন্টু। এছাড়াও জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

“খেলাধুলায় জাগুক তারুণ্য, মাঠে ফিরুক প্রাণচাঞ্চল্য, সম্প্রীতিতে এগিয়ে যাক নেত্রকোণা”- এই স্লোগানকে সামনে রেখে জেলা প্রশাসনের আয়োজিত এই টুর্নামেন্ট স্থানীয় ফুটবলের উন্নয়নে এবং জেলার মানুষের মিলনমেলা ও সম্প্রীতির উৎসব হিসেবে পরিচিতি লাভ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version