নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার পূর্বধলা উপজেলায় পুকুরের পানিতে ভেসে থাকা ফুটবল তুলে আনতে গিয়ে পানিতে ডুবে সৃজন সূত্রধর নামে ছয় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) বিকেলে উপজেলার খলিশাউড় ইউনিয়নের পূর্ব পাবই গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহত সৃজন সূত্রধর পাবই গ্রামের সুমন সূত্রধর ও মিতু রানী সূত্রধরের ছোট ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। শিশুটির এমন অকাল মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার বিকেল ৩টার দিকে শিশু সৃজন বাড়ির পাশেই ফুটবল নিয়ে খেলছিল। বিকেল ৪টার দিকে পরিবারের লোকজন তাকে সেখানে দেখতে না পেয়ে চারিদিকে খোঁজাখুঁজি শুরু করেন। বাড়ির আশপাশে কোথাও তার সন্ধান পাওয়া যাচ্ছিল না।

এর কিছুক্ষণ পর, বিকেল সাড়ে ৪টার দিকে প্রতিবেশী রাধারানী দাস বাড়ির কাজ শেষ করে পাশের পুকুরে গোসল করতে যান। এ সময় তিনি পুকুরের পানিতে ফুটবলের ঠিক পাশেই শিশু সৃজনকে ভাসতে দেখেন।

তার চিৎকারে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে। পরে তাকে জরুরিভিত্তিতে শ্যামগঞ্জ মেডিকন ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়া হলে সেখানকার চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

পরিবারের ধারণা, শিশুটি একা ফুটবল নিয়ে খেলার সময় বলটি কোনোভাবে পুকুরের পানিতে পড়ে যায়। সেই ভাসমান ফুটবলটি পুকুর থেকে তুলে আনতে গিয়েই অবুঝ শিশু সৃজন পানিতে তলিয়ে যায় এবং ডুবে মৃত্যুবরণ করে। ছোট্ট শিশুর মৃত্যুতে এলাকায় গভীর শোকের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত (পোস্টমর্টেম) ছাড়াই শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হচ্ছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version