নিজস্ব প্রতিবেদক: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কালজয়ী সাহিত্য, অসামান্য সংগীত ও মানবতাবাদী চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার মহান লক্ষ্যে সারাদেশের ন্যায় নেত্রকোনার দুর্গাপুরেও পালিত হয়েছে ‘নজরুল বর্ষ’।

এ উপলক্ষে সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টায় দুর্গাপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে (সোমেশ্বরী হল) আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আহমেদ শাদাত। দুর্গাপুর প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকনের সাবলীল সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান।

এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বজলুর রহমান আনসারী, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ শহীদুল্লাহ্ খান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার, পৌর বিএনপির সভাপতি আতাউর রহমান ফরিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং নানা শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় বক্তারা জাতীয় কবির বর্ণাঢ্য জীবন, সাহিত্যকর্ম, সংগীত ও মানবতাবাদী দর্শনের নানা দিক নিয়ে বিস্তারিত আলোকপাত করেন। বক্তারা বলেন, “নজরুল ছিলেন অন্যায়, শোষণ, বৈষম্য ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার এক চিরবিদ্রোহী কণ্ঠস্বর। তাঁর লেখনীতে সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও মানুষের মুক্তির যে শাশ্বত বার্তা নিহিত রয়েছে, তা বর্তমান প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া অত্যন্ত জরুরি।”

বক্তারা আরও উল্লেখ করেন, নজরুলের সাহিত্য ও দর্শনের সঙ্গে পরিচিত হলে তরুণদের মাঝে দেশপ্রেম, মানবিকতা এবং অসাম্প্রদায়িক চেতনা বিকশিত হবে, যা তাদের যেকোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার প্রেরণা জোগাবে। মাননীয় প্রধানমন্ত্রীর এই উদ্যোগ নতুন প্রজন্মকে জাতীয় কবির বিশাল কর্মযজ্ঞ ও দর্শনের সঙ্গে নিবিড়ভাবে পরিচিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

আলোচনা পর্ব শেষে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে উপজেলা শিল্পকলা একাডেমির শিক্ষার্থীরা নজরুলের কালজয়ী গান, কবিতা আবৃত্তি এবং দলীয় নৃত্য পরিবেশন করে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version