জরাজীর্ণ কুঁড়েঘর ও ভাঙা দেয়ালের কষ্ট দূর করে ময়মনসিংহের নান্দাইলে ৩৬টি অসহায় ও গৃহহীন পরিবারের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়েছে আধুনিক আধাপাকা ‘স্বপ্ন বাড়ি’র চাবি। একই সঙ্গে নান্দাইল পৌরসভায় একটি নতুন উন্নয়নকৃত সড়কের উদ্বোধন করা হয়েছে।

ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী আজ নান্দাইল উপজেলায় দিনব্যাপী এক সফরে উপস্থিত থেকে এসব ঘরের চাবি হস্তান্তর ও সড়কের উদ্বোধন করেন। এর আগে, সকালে তিনি রাজধানীর গুলশানের নিজ বাসভবন থেকে নান্দাইলের উদ্দেশ্যে রওনা হন এবং মোয়াজ্জেমপুর সাহেব বাড়ি জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করেন।

নান্দাইলের মোয়াজ্জেমপুর ইউনিয়নের বাহাদুরপুর এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, ‘নান্দাইলের কোনো মানুষ যেন অনাহারে কিংবা আশ্রয়হীন না থাকে, সেটিই ছিল আমার মূল নির্বাচনী প্রতিশ্রুতি। আজ ৩৬টি পরিবারের মাথা গোঁজার ঠাঁই নিশ্চিত করার মাধ্যমে সেই স্বপ্নের সূচনা হলো। পর্যায়ক্রমে নান্দাইলের গৃহহীন সব মানুষকে এই সুবিধার আওতায় নিয়ে আসা হবে।’

তিনি নিজে উপস্থিত থেকে এসব ঘরের নির্মাণকাজ তদারকি করেছেন বলে জানান।

নতুন পাকা ঘর হাতে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন উপকারভোগী পরিবারের সদস্যরা। হামিদা খাতুন নামের এক উপকারভোগী বলেন, ‘আমি সন্তানদের নিয়ে ভাঙা ঘরে থাকতাম। মন্ত্রী আমাগো নতুন ঘর দিছেন। দুই হাত তুলে দোয়া করমু। হেরা অনেক বছর ক্ষমতায় থাকুক আর আমাগো এইভাবে সহযোগিতা করুক।’

মোয়াজ্জেমপুর ইউনিয়নের বাহাদুর গ্রামের সবুজ মিয়া অনুভূতি প্রকাশ করতে গিয়ে জানান, ‘দীর্ঘদিনের অনিশ্চয়তা ও কষ্ট শেষে এই পাকা ঘর তাদের সন্তানদের জন্য এক নিরাপদ ভবিষ্যতের পথ খুলে দিয়েছে।’

অনুষ্ঠানে নান্দাইল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান লিটন বলেন, ‘প্রধানমন্ত্রীর ভিশন বাস্তবায়নে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী নিজ এবং সরকারি উদ্যোগে গৃহহীনদের জন্য যে স্বপ্ন বাড়ির উদ্যোগ নিয়েছেন তা অত্যন্ত প্রশংসনীয়। গৃহহীনদের জন্য এমন জনকল্যাণমূলক কাজ অব্যাহত থাকবে বলে আমি মনে করি।’

পরে, বিকেলে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী নান্দাইল পৌরসভার ২ নং ওয়ার্ডের ভূঁইয়াপাড়া রাস্তা থেকে ভূঁইয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভায়া মামুনের বাড়ি পর্যন্ত রাস্তা ইউনিব্লক দ্বারা উন্নয়ন (০০-৩২৫ মিটার) সড়কের উদ্বোধন করেন। এরপর তিনি নান্দাইল উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা সার ডিলারদের সাথে এক মতবিনিময় সভায় যোগ দেন। নির্ধারিত কর্মসূচি শেষে রাতে তিনি ঢাকার উদ্দেশ্যে নান্দাইল ত্যাগ করেছেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version