নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দায় স্বাস্থ্যসেবায় অনিয়ম ও মাদকবিরোধী পৃথক অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে নানা অনিয়মের অভিযোগে একটি ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়েছে। একই সঙ্গে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় এক যুবককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২৮ আগস্ট) উপজেলার হাসপাতাল রোড এলাকায় অবস্থিত কলমাকান্দা ডায়াগনস্টিক সেন্টারে (কেডিসি) এ অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কলমাকান্দার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামছুজ্জামান আসিফ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, চিকিৎসা সেবার নামে অপচিকিৎসা ও অনিয়ম রোধে হাসপাতাল রোড এলাকার কলমাকান্দা ডায়াগনস্টিক সেন্টারে (কেডিসি) অভিযান পরিচালনা করে প্রশাসন। এ সময় প্রতিষ্ঠানটিতে সেবা প্রদানের ক্ষেত্রে নানা অনিয়ম ও অসঙ্গতির প্রমাণ পাওয়া যায়। এসব সুনির্দিষ্ট অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে, ডায়াগনস্টিক সেন্টারটিকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটির সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করে তাৎক্ষণিকভাবে তা সিলগালা করে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
অন্যদিকে, একই অভিযানে উপজেলার চানপুর এলাকার জসমত আলীর ছেলে সোহাগ মিয়াকে (২৬) আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দোষী সাব্যস্ত করে তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং একশো টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ আল মামুন এবং পুলিশের চৌকস দল উপস্থিত থেকে সার্বিক সহায়তা প্রদান করেন।
জনস্বার্থ রক্ষায় প্রশাসনের এমন পদক্ষেপের বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামছুজ্জামান আসিফ বলেন, “জনস্বাস্থ্য ও জনস্বার্থের বিষয়টি আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছি। কোনো প্রতিষ্ঠান সরকারি নিয়মনীতি তোয়াক্কা না করে যথেচ্ছভাবে কার্যক্রম পরিচালনা করলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।”
দণ্ডপ্রাপ্ত আসামির বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান জানান, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজাপ্রাপ্ত আসামি সোহাগ মিয়াকে শুক্রবার বিকেলেই পুলিশি পাহারায় নেত্রকোনা জেলা কারাগারে সোপর্দ করা হয়েছে।
Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version