স্টাফ রিপোর্টার :
নিরাপদ অভিবাস ও অবৈধ পথে বিদেশ গমন প্রতিরোধ বিষয়ে সুনামগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ আগস্ট (মঙ্গলবার) বিকাল ৫.৩০ টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় একটি প্রেজেন্টেশন উপস্হাপন করেন যুগ্ম-সচিব মো: শহিদুল ইসলাম চৌধুরী। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং কাম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি বলেন-, সরকার আগামী ৫ বছরে ১ কোটি বৈধ লোক বিদেশে পাঠাবে। তাহলে কেন আমরা অবৈধ পথে বিদেশ যাবো।
সন্তানকে হারাবো। নি:স্ব হবে পরিবার। সিলেট অঞ্চল হচ্ছে প্রবাসী অধ্যুষিত এলাকা। তাই আমরা আমাদের সন্তানদের বৈধ পথে প্রবাসে পাঠাবো। মনে রাখবেন বিদেশে সুরক্ষা নিশ্চিত করতে হলে তার শুরুটা হতে হবে দেশ থেকে প্রতিরোধের মাধ্যমে। এজন্য সকল সেক্টরের নেতা কর্মী, প্রশাসন সহ অভিভাবকদের সচেতন হতে হবে। দেশের নীতি এবং তৃণমূল পর্যায়ের অভিবাসন প্রত্যাশীদের বাস্তবতার বিষয়ে আরও নিবিড় সংযোগ স্থাপনের মাধ্যমে অভিবাসন ব্যবস্থাপনা জোরদারে সরকার নতুন করে গুরুত্ব দিচ্ছে।
পরিবর্তনশীল বৈশ্বিক শ্রমবাজারের প্রেক্ষাপটে গন্তব্য দেশগুলোর কর্মসংস্থানের সুযোগের সঙ্গে দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণের সমন্বয়ের ওপর গুরুত্ব দিচ্ছে বর্তমান সরকার। প্রয়োজনে শিক্ষা প্রতিষ্ঠানে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।  অভিবাসীবান্ধব নীতি প্রণয়ন এবং মাঠপর্যায়ের প্রশাসনের মাধ্যমে সহজলভ্য সেবা নিশ্চিত করার প্রয়োজনীয়তা রয়েছে ।
উম্মুক্ত আলোচনায় সংসদ সদস্যরা বলেন অবৈধভাবে বিদেশ যাত্রা থামাতে হলে বিশেষ বরাদ্দ ও প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্হা করতে হবে । হাওরের ফসলের উপর বিশেষ গুরুত্ব দিতে হবে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মতিউর রহমান খান এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ -৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ, সুনামগঞ্জ -৪ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম, সুনামগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ, সুনামগঞ্জ -১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো: মোখতার আহমেদ, সিলেটের বিভাগীয় কমিশনার, মো: মশিউর রহমান, প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের যুগ্ম সচিব শহিদুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ পুলিশ সিলেট রেঞ্জের ডিআইজি ড: মো: জিললুর রহমান, জেলা পরিষদ প্রশাসক মো: মিজানুর রহমান চৌধুরী সুনামগঞ্জ পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন পিপিএম সহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ। এর পূর্বে তিনি সুনামগঞ্জ সার্কিট হাউস মিলনায়তনে জেলা বিএনপির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।



