বর্তমান সরকার ‘সবার আগে বাংলাদেশ’ অভিপ্রায়ে যে অভিযাত্রা শুরু করেছে, সেখানে স্থানীয় সরকারকে ‘গণতন্ত্র ও উন্নয়নের প্রাণকেন্দ্র’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

সরকারের নির্বাচনী ইশতেহার ও জনকল্যাণমুখী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ প্রথম ১৮০ দিনের জন্য একটি বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ করে। এর মূল উদ্দেশ্য হলো জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দেওয়া, টেকসই অবকাঠামো গড়ে তোলা এবং সামাজিক নিরাপত্তা জোরদার করা।

এসব কর্মপরিকল্পনার অংশ হিসেবে স্থানীয় সরকার বিভাগ ২২টি খাত নিয়ে কাজ করছে। এগুলোর মধ্যে রয়েছে- গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, কাঁচা সড়ক পাকাকরণ, ব্রিজ-কালভার্ট নির্মাণ, বৃক্ষরোপণ, খাল খনন, সুপেয় পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা, গ্রামীণ কর্মসংস্থান, স্থানীয় সরকার নির্বাচন ও স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়ন প্রভৃতি।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সরকার বিভাগের কর্মপরিধি সারা দেশজুড়ে। মাত্র ছয় মাসে সবকিছু একসাথে উন্নয়ন করে ফেলা সম্ভব না। কিন্তু কয়েকটি খাতে ছয় মাসে টার্গেট শতভাগ পূরণ হয়েছে। এসবের মধ্যে রয়েছে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক সারা দেশে ১ কোটি ৪০ লাখ বৃক্ষরোপণ, ৩ হাজার কি. মি. গ্রামীণ কাঁচা সড়ক পাকা করা, ১৩ হাজার ২৬৫ মিটার ব্রিজ-কালভার্ট নির্মাণ, ১১টি বহুমুখী সাইক্লোন শেল্টার নির্মাণ, ২৬টি ইউনিয়ন পরিষদ কার্যালয় নির্মাণ, নগর এলাকায় ৯০ শতাংশ বর্জ্য সংগ্রহ, নতুন ওয়াসা গঠন।

আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণ ও রক্ষণাবেক্ষণ করার পরিকল্পনা রয়েছে সরকারের।

নির্বাচনী ইশতেহার অনুযায়ী, স্থানীয় সরকার বিভাগের ১৮০ দিনের কর্মপরিকল্পনায় এ বিভাগের আওতাধীন দপ্তর, সংস্থা বা স্থানীয় সরকার প্রতিষ্ঠানের মাধ্যমে ১ কোটি ৪০ লাখ বৃক্ষরোপণ করা হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব ড. মো. মনিরুল ইসলাম বাসস’কে বলেন, ‘স্থানীয় সরকার বিভাগের বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচির ছয় মাসের টার্গেট পূরণ হয়েছে। এছাড়াও গ্রামীণ অবকাঠামো, রাস্তা, ব্রিজ-কালভার্ট সংস্কার, সিটি করপোরেশনে সবুজায়ন, বর্জ্য ব্যবস্থাপনা উদ্যোগে পরিকল্পনা অনুযায়ী আশানুরূপ ফল এসেছে। কর্মপরিকল্পনা অনুযায়ী কাজ চলছে। কাঁচা রাস্তা পাকাকরণ, রাস্তা মেরামত, সুপেয় পানি, সার্ফেস ওয়াটার, বৃষ্টির পানি সংরক্ষণ কার্যক্রম শুরু করেছি। পরিকল্পনা অনুযায়ীই সব কাজ ধাপে ধাপে শেষ হবে।’

মন্ত্রণালয়ের উন্নয়ন কার্যক্রমে সংশ্লিষ্টরা বলেন, নির্বাচনী ইশতেহারে ‘দক্ষ, জবাবদিহিমূলক ও সেবামুখী স্থানীয় সরকার’ গড়ে তোলার অঙ্গীকার রয়েছে। স্থানীয় সরকার বিভাগের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অন্যতম লক্ষ্য হলো স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জনপ্রতিনিধি ও কর্মকর্তা-কর্মচারীগণের সক্ষমতা বৃদ্ধি করে জনগণকে দ্রুত ও মানসম্মত সেবা প্রদান নিশ্চিত করা। এ লক্ষ্যে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট-এর মাধ্যমে ১৮০ দিনে ৭ হাজার ৩৭৮ জন জনপ্রতিনিধি এবং কর্মকর্তা-কর্মচারীকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

মন্ত্রণালয়ের উপস্থাপিত তথ্য অনুযায়ী, ১৮০ দিনে নগর এলাকায় দৈনিক ৯০ শতাংশ বর্জ্য সংগ্রহ করা হচ্ছে। বর্জ্য ব্যবস্থাপনায় নগরসমূহে সার্কুলার ফিউচার মডেল, থ্রি-আর পলিসি বাস্তবায়ন এবং পাইলট ভিত্তিতে পৃথকীকরণের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে প্রকল্পসমূহে বিদ্যমান আনুষঙ্গিক পরিবর্তন আনা হয়েছে। ৩৭ টি জেলা শহরে এবং ৫০টি উপজেলা শহরে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা নির্মাণ হচ্ছে। চলমান প্রকল্পে বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে থ্রি-আর (রিডিউস, রিইউজ ও রিসাইকেল) নীতি বাস্তবায়ন করা হচ্ছে। কক্সবাজারে চলমান প্রকল্পে বর্জ্য থেকে শক্তি উৎপাদন করা হচ্ছে।

ঢাকা শহরে যানজট নিরসনে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল ব্যবস্থার উন্নয়নে ইতোমধ্যে ১৩টি ইন্টারসেকশন সিগন্যাল লাইট স্থাপন করে ব্যবহার করা হচ্ছে এবং দ্রুত আরো ৩৭টি ইন্টারসেকশন সিগন্যাল লাইট স্থাপনের কাজ চলমান রয়েছে। ঢাকা শহরের নিরাপদ পানি সরবরাহে ঢাকা ওয়াসার দৈনিক পানির চাহিদা ৩২০-৩২৫ কোটি লিটারের বিপরীতে প্রতিদিন উৎপাদন ২৯৫-৩০০ কোটি লিটারে পৌঁছেছে।

এদিকে বিএনপি সরকারের ৬ মাস উপলক্ষ্যে ‘জনগণের সরকারের ১৮০ দিন’ শীর্ষক ই-বুক প্রকাশ করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

বইটিতে বলা হয়েছে, গত ১৭ ফেব্রুয়ারি দায়িত্ব নেয় বিএনপি সরকার। দায়িত্ব নেওয়ার পর প্রথম ১৮০ দিনে অর্থনীতি, কৃষি, সামাজিক সুরক্ষা, শিক্ষা ও স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে সংস্কার ও উন্নয়নমূলক পদক্ষেপ নিয়েছে সরকার। একইসঙ্গে এতে রাজনৈতিক সংস্কার, জবাবদিহি ও অপচয় রোধেও বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরা হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version