শনিবার, অক্টোবর ৩

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের সুন্দরীঘাট গ্রামের গুরুত্বপূর্ণ ব্রিজ দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বর্তমানে তা আক্ষরিক অর্থেই ‘মরণফাঁদে’ পরিণত হয়েছে। ব্রিজের দুই পাশের মাটি ধসে গিয়ে সংযোগ সড়কে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে, যার ফলে যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের মতে, এই ব্রিজটি খারনৈ ইউনিয়নের সুন্দরীঘাট, বামনগাঁও, ভাসানকোড়া, মধুকোড়াসহ অন্তত চার-পাঁচটি গ্রামের কয়েক হাজার মানুষের যাতায়াতের একমাত্র ভরসা। প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ নানা শ্রেণি-পেশার মানুষ চরম ঝুঁকি নিয়ে এই পথ দিয়ে চলাচল করেন।

বুধবার (১২ আগস্ট) সরেজমিনে, ব্রিজের মূল কাঠামোর সাথে সংযোগ সড়কের মাটি পুরোপুরি ধসে গেছে এবং গভীর খাদের সৃষ্টি হয়েছে। বর্ষা মৌসুমে বা সামান্য বৃষ্টি হলেই এই গর্তে কাদা-পানি জমে একাকার হয়ে যায়, তখন যানবাহন তো দূরে থাক, হেঁটে পার হওয়াও প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়।

যাতায়াত ব্যবস্থা ভেঙে পড়ায় এলাকার কৃষি অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব পড়ছে। এ বিষয়ে সুন্দরীঘাট গ্রামের বাসিন্দা ইদ্রিস আলী চরম আক্ষেপ প্রকাশ করে বলেন, ‍“এই ব্রিজ দিয়ে আমাদের উৎপাদিত ধান, সবজিসহ অন্যান্য কৃষিপণ্য বাজারে নিতে হয়। রাস্তার এমন ভয়াবহ অবস্থার কারণে কোনো ভ্যান বা অটোরিকশাচালক এদিকে আসতে চায় না। আমরা বহুবার ইউনিয়ন পরিষদে জানিয়েছি, কিন্তু কোনো কাজ হয়নি। যেকোনো সময় এখানে বড় দুর্ঘটনা ঘটতে পারে।”

দীর্ঘদিন ধরে এমন বেহাল দশা বিরাজ করলেও জনপ্রতিনিধি বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো কার্যকর পদক্ষেপ না থাকায় স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর এখন একটাই দাবি- অনতিবিলম্বে ব্রিজটির একটি অংশ ধসে যাওয়া সংযোগ সড়কটি মেরামত করে যান ও জনচলাচলের সম্পূর্ণ উপযোগী করা হোক।

এ বিষয়ে জানতে চাইলে কলমাকান্দা উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মমিনুল ইসলাম বলেন, “ব্রিজটির সংযোগ সড়কের বেহাল দশার বিষয়টি সম্প্রতি আমাদের নজরে এসেছে। আমরা দ্রুততম সময়ের মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করে এটি সংস্কারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।”

কর্তৃপক্ষের আশ্বাসের পর এলাকাবাসী এখন দ্রুত সংস্কার কাজের বাস্তবায়নের অপেক্ষায় দিন গুনছেন। দ্রুত পদক্ষেপ নেওয়া না হলে বর্ষায় যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার আশঙ্কা করছেন তারা।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version