শনিবার, অক্টোবর ৩

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় পৃথক দুটি ঘটনায় পানিতে ডুবে এক বছর ও ১৮ মাস বয়সী দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১২ আগস্ট) উপজেলার রংছাতী ও পোগলা ইউনিয়নে হৃদয়বিদারক এ দুর্ঘটনা দুটি ঘটে। একই দিনে দুই শিশুর এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে পুরো এলাকাজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার দুপুরে উপজেলার রংছাতী ইউনিয়নের কালাইকান্দি গ্রামের রাজিব মিয়ার এক বছর বয়সী ছেলে মুয়াজ খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায়। বেশ কিছুক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানি থেকে শিশুটিকে উদ্ধার করে দ্রুত কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. হাসিবুল হাসান পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন। নিহত মুয়াজ তার মা-বাবার একমাত্র সন্তান ছিল। আদরের ধন একমাত্র সন্তানকে হারিয়ে পরিবারটি পাগলপ্রায়। স্বজনদের গগনবিদারী আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে।

অন্যদিকে, একই দিন উপজেলার পোগলা ইউনিয়নের শুনই গ্রামে আরও এক শিশুর মৃত্যু হয়। ওই গ্রামের টিটু মণ্ডলের ১৮ মাস বয়সী ছেলে তাসকিন তারেক বাড়ির চারপাশে জমে থাকা বর্ষার পানিতে পড়ে ডুবে যায়। পরে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

একের পর এক এমন মৃত্যুতে এলাকায় শোকের পাশাপাশি চরম উদ্বেগ দেখা দিয়েছে। বর্ষা মৌসুমে বাড়ির আশপাশে জমে থাকা পানি, ডোবা, পুকুর ও অন্যান্য জলাশয়ের কাছাকাছি শিশুদের চলাচলের ক্ষেত্রে অভিভাবকদের আরও বেশি সচেতন ও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান পৃথক দুই শিশুর মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে হাসপাতাল এবং উভয় ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version