সোমবার, সেপ্টেম্বর ১৪

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা সদর উপজেলায় রাতের আঁধারে নিজ বসতঘরে এক যুবককে গলা কেটে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তর। রবিবার (২৬ জুলাই) ভোরে সদর উপজেলার কালীয়ারা গাবরাগাতী ইউনিয়নের দুআনী দুধকুড়া (পশ্চিম পাড়া) গ্রাম থেকে নিহত ওই যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।

নিহত যুবকের হলেন- মাসুল ওরফে মাহফুল মিয়া (৩৫)। তিনি দুআনী দুধকুড়া গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে। পুলিশের প্রাথমিক ধারণা, প্রতিবেশীর সঙ্গে পূর্বশত্রুতা ও জমিসংক্রান্ত বিরোধের জেরে এই পরিকল্পিত হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে নিজের শোয়ার ঘরে ঘুমাতে যান মাহফুল। রবিবার ভোর ৫টার দিকে ভিকটিমের মা ঘুম থেকে উঠে ছেলের ঘরের দরজা খোলা দেখতে পান। সন্দেহ হলে তিনি ওই ঘরে যান এবং টর্চলাইটের আলোতে বিছানার ওপর ছেলেকে গলাকাটা ও রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় তার আত্মচিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন এবং স্থানীয়রা দ্রুত পুলিশকে খবর দেন। ধারণা করা হচ্ছে, রাত ১২টা থেকে ভোর ৫টার মধ্যবর্তী কোনো এক সময় দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে ঘুমন্ত অবস্থায় ওই যুবককে গলা কেটে হত্যা করে নির্বিঘ্নে পালিয়ে যায়।

এলাকাবাসী ও নিহতের পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিবেশী শফিকুল ইসলামের (৪০) সঙ্গে নিহত মাহফুলের দীর্ঘদিন ধরে জমিসংক্রান্ত বিরোধ চলছিল। শফিকুল ইসলাম একই গ্রামের সুরুজ আলী ও সমলা আক্তারের ছেলে। পূর্বশত্রুতার জের ধরেই রাতের আঁধারে পরিকল্পিতভাবে মাহফুলকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে।

খবর পেয়ে নেত্রকোনা মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়। ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত সংগ্রহের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

এ বিষয়ে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের বলেন, ‍“হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে। কে বা কারা, কী উদ্দেশ্যে এই ঘটনা ঘটিয়েছে তা এখনো পুরোপুরি নিশ্চিত নয়। তবে হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্‌ঘাটন এবং এর সঙ্গে জড়িত দোষীদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।”

এ ঘটনায় নেত্রকোনা মডেল থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নৃশংস এই হত্যাকাণ্ডের পর দুআনী দুধকুড়া এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং স্থানীয়দের মাঝে শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এলাকাবাসী অবিলম্বে হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version