জামালপুর প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট জিনজিরাম নদীর ভয়াবহ ভাঙনে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নদীভাঙনে নিঃস্ব ও মানবেতর জীবনযাপন করা ৩০টি পরিবারের মাঝে জরুরি ভিত্তিতে ত্রাণসামগ্রী বিতরণ করেছে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)।
জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) সূত্রে জানা যায়, গত ১২ জুলাই (রোববার) পাথরেরচর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় জিনজিরাম নদীতে প্রবল স্রোত ও ভয়াবহ ভাঙন দেখা দেয়। টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে সীমান্ত পিলারের কাছে বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত এই নদীতে পানি আকস্মিক বৃদ্ধি পায়। নদীর করাল গ্রাসে মুহূর্তের মধ্যেই অন্তত ১৫টি বসতবাড়ি সম্পূর্ণ নদীগর্ভে বিলীন হয়ে যায়। এতে মাথা গোঁজার ঠাঁই হারিয়ে বেশ কিছু পরিবার একেবারে নিঃস্ব হয়ে পড়ে এবং চরম মানবেতর জীবনযাপন শুরু করে।
ভয়াবহ এই প্রাকৃতিক বিপর্যয়ের খবর পেয়ে দ্রুত সহায়তার হাত বাড়িয়ে দেয় বিজিবি। সোমবার (১৩ জুলাই) নদীভাঙনে চরমভাবে ক্ষতিগ্রস্ত ৩০টি অসহায় পরিবারের মাঝে জামালপুর ব্যাটালিয়নের পক্ষ থেকে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্তদের হাতে সহায়তা তুলে দেন জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান (পিএসসি)।
এ সময় লে. কর্নেল হাসানুর রহমান, পিএসসি বলেন, “দেশের সীমান্ত সুরক্ষার মতো মহান দায়িত্ব পালনের পাশাপাশি যেকোনো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোও বিজিবি’র অন্যতম মানবিক দায়িত্ব। দেশ ও দেশের মানুষের যেকোনো প্রয়োজনে বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে। ভবিষ্যতেও যেকোনো দুর্যোগ ও সংকটময় পরিস্থিতিতে আমরা সাধারণ মানুষের পাশে থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদান অব্যাহত রাখব।”
মহতী এই ত্রাণ বিতরণ কার্যক্রমে স্থানীয় জনপ্রতিনিধি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে, মাথা গোঁজার ঠাঁই হারিয়ে চরম বিপদের মুহূর্তে দ্রুততম সময়ের মধ্যে বিজিবির কাছ থেকে এমন সহায়তা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। তারা বিজিবির এই মহতী ও মানবিক উদ্যোগকে অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয় বলে মন্তব্য করেন এবং বাংলাদেশ বর্ডার গার্ডের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।



