মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় আড়িয়াল খাঁ নদীর তীব্র ভাঙন প্রতিরোধে জরুরি ভিত্তিতে জিওব্যাগ ডাম্পিং কার্যক্রমের উদ্বোধন করেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী জাহান। শনিবার (১১ জুলাই) দুপুরে সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের পুরাতন ফেরিঘাট এলাকায় জিওব্যাগ ফেলে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, আড়িয়াল খাঁ নদীর ভাঙনের কারণে পাঁচখোলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় বহু বসতবাড়ি, কৃষিজমি ও গুরুত্বপূর্ণ স্থাপনা হুমকির মুখে রয়েছে। এ পরিস্থিতিতে প্রাথমিকভাবে নদীর তীর সংরক্ষণ ও ভাঙনের গতি কমাতে বালুভর্তি জিওব্যাগ ডাম্পিং কার্যক্রম শুরু করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য জাহান্দার আলী জাহান বলেন, আড়িয়াল খাঁ নদীর ভাঙন রোধে জরুরি ভিত্তিতে জিওব্যাগ ফেলার কাজ শুরু হয়েছে। এটি আপাতত একটি তাৎক্ষণিক প্রতিরোধমূলক ব্যবস্থা হলেও ভবিষ্যতে ভাঙন প্রবণ এলাকাগুলোতে স্থায়ী ও টেকসই বাঁধ নির্মাণের পরিকল্পনা সরকারের রয়েছে। এ বিষয়ে তিনি জাতীয় সংসদে বিষয়টি উত্থাপন করেছেন বলেও জানান। তিনি আরোও বলেন, সদর উপজেলার পুরাতন ফেরিঘাট, বাহেরচর, জাজিরাসহ মোট ১৭টি ভাঙনপ্রবণ পয়েন্টে প্রাথমিকভাবে প্রতিটি স্থানে প্রায় ৮ হাজার করে জিওব্যাগ ফেলা হবে।

প্রয়োজন অনুযায়ী পর্যায়ক্রমে এ কার্যক্রম আরও সম্প্রসারণ করা হবে। ভাঙনকবলিত মানুষের জানমাল ও সম্পদ রক্ষায় সরকার সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলেও তিনি আশ্বাস দেন। মাদারীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সানাউল কাদের খান বলেন, জেলার ভাঙনপ্রবণ ১৭টি স্থানে প্রাথমিকভাবে প্রায় ৮ হাজার করে জিওব্যাগ ফেলা হচ্ছে।

এতে নদীভাঙনের ঝুঁকি অনেকাংশে কমবে এবং ক্ষতিগ্রস্ত এলাকার মানুষ উপকৃত হবে। আপাতত এটি জরুরি ভিত্তিতে নেওয়া একটি প্রতিরোধমূলক উদ্যোগ। পরবর্তীতে স্থায়ী সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় প্রকল্প গ্রহণ করা হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাদারীপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটু, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মুর্তজা আলম ঢালী, অ্যাডভোকেট গোলাম মোস্তফা চিশতী, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মুনমুন আক্তার, রফিকুল ইসলাম মাতুব্বর, হাসান মাতুব্বরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version