জামালপুর প্রতিনিধি: জামালপুর সদর উপজেলায় পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও মাদক বিক্রির নগদ টাকাসহ ইমন সরকার নামের এক যুবদল নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) ভোর রাতে উপজেলার দেবেরবাজার এলাকা থেকে তাকে হাতেনাতে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত ইমন সরকার ইটাইল ইউনিয়নের ৭নং ওয়ার্ড যুবদলের বর্তমান সভাপতি। এছাড়াও তিনি শ্রমিক দলের একটি পদে দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে। স্থানীয়দের কাছে তিনি ‘মেম্বার’ হিসেবে পরিচিত।
পুলিশ ও স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, ইমন সরকার দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের আখড়া গড়ে তুলেছিলেন। নিজে মাদক সেবনের পাশাপাশি তিনি এলাকায় ইয়াবার বিশাল সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতেন। মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে দেবেরবাজার এলাকায় অভিযান চালায় সদর থানা পুলিশের একটি দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ইমনকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৩১ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ২৪ হাজার টাকা জব্দ করা হয়।
রাজনৈতিক পরিচয়ের আড়ালে তার এমন অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে খোদ নিজ দলের ভেতরেই চরম ক্ষোভ ছিল। একই এলাকার বাসিন্দা ও সাবেক ছাত্রদল নেতা সাব্বির হোসেন জানান, “ইমন দীর্ঘদিন ধরেই মাদকে আসক্ত। মাদকের প্রভাবে তার অস্বাভাবিক ও উচ্ছৃঙ্খল আচরণে দলের নেতাকর্মীরাও অতিষ্ঠ ছিলেন। এসব কারণে উপজেলা যুবদল আগেই তাকে ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহ্বায়কের পদ থেকে বহিষ্কার করেছিল। এরপরও সে ওয়ার্ড যুবদলের সভাপতি ও শ্রমিক দলের পদে বহাল তবিয়তে ছিল।”
এ বিষয়ে জামালপুর সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এ টি এম মাহমুদুল হক সাংবাদিকদের বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ইমন সরকারকে ইয়াবা ও মাদক বিক্রির টাকাসহ গ্রেপ্তার করা হয়েছে।”
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর আইনি প্রক্রিয়া চলছে।



