জামালপুর প্রতিনিধি: আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়তে কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় নাগরিকদের সচেতনতা ও অংশগ্রহণের বিকল্প নেই। এই লক্ষ্যকে সামনে রেখে এবং সেবার মান উন্নয়নে জামালপুরে পৌর কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে ‘সিটিজেন রিপোর্ট কার্ড’ কর্মসূচির এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে জামালপুর পৌরসভার সভাকক্ষে সচেতন নাগরিক কমিটি (সনাক), জামালপুর-এর উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
জামালপুর সনাক এর সভাপতি শামীমা খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, জামালপুর পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা হাফিজুর রহমান।
সভায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সনাক এর প্রতিনিধি, পৌরসভার কর্মকর্তা এবং স্থানীয় সুধীজন অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জামালপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী জহুরুল হক, টিআইবি কর্মকর্তা আরিফ হোসেন, সনাক সদস্য রফিকুল ইসলাম তুষার ও সাজ্জাদ হোসেন, পৌরসভার কনজারভেন্সি সুপারভাইজার লিয়াকত হোসেন এবং স্থানীয় সাংবাদিক ফজলে এলাহী মাকাম প্রমুখ।
পৌর এলাকার সার্বিক পরিবেশ রক্ষায় বর্জ্য ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন, শহরের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শুধুমাত্র কর্তৃপক্ষের ওপর নির্ভর করলেই চলবে না, নাগরিকদেরও সমানভাবে দায়িত্ব পালন করতে হবে। আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম সফল করতে হলে যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে নাগরিকদের অবশ্যই নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলতে হবে।
সভায় নিজ নিজ বাড়ির আঙিনা, শহরের রাস্তাঘাট ও ড্রেন পরিষ্কার রাখার মাধ্যমে একটি সুস্থ, সুন্দর ও রোগব্যাধিমুক্ত শহর গড়ে তোলার জন্য পৌরবাসীকে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানানো হয়। এছাড়া, নাগরিকরা যেন বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে আরও সচেতন হন এবং পৌরসভার পরিচ্ছন্নতাকর্মী ও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমে সর্বাত্মক সহায়তা করেন, সে বিষয়েও গুরুত্বারোপ করেন বক্তারা।
সংশ্লিষ্টরা জানান, ‘সিটিজেন রিপোর্ট কার্ড’ কর্মসূচির মূল উদ্দেশ্য হলো পৌরসভার সেবার মান নিয়ে নাগরিকদের সরাসরি মতামত গ্রহণ করা এবং সেই মতামতের ভিত্তিতে বর্জ্য ব্যবস্থাপনাকে আরও জনবান্ধব, জবাবদিহিমূলক ও কার্যকর করে তোলা। এ কার্যক্রমের মাধ্যমে জামালপুর পৌরসভা আগামীতে বর্জ্য ব্যবস্থাপনায় মডেল হিসেবে গড়ে উঠবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত সকলে।



