মেহেদি হাসান রনি, নীলফামারী জেলা প্রতিনিধি:

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৫ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পাকারমাথা এলাকায় পল্লী বিদ্যুতের লাইন সম্প্রসারণকাজ চলাকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সদর উপজেলার কালিতলা এলাকার দারিকা চন্দ্র রায়ের ছেলে জয়ন্ত রায় (২৬) এবং সুঠিপাড়া এলাকার মেহের উদ্দিনের ছেলে মুমিন (৫০)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাকারমাথা এলাকায় পল্লী বিদ্যুতের লাইন-সংক্রান্ত কাজ চলছিল।

এ সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করেই দুই শ্রমিক কাজে অংশ নেন। কাজের একপর্যায়ে তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। কিশোরগঞ্জ উপজেলা পল্লী বিদ্যুৎ অফিসের জেনারেল ম্যানেজার (জিএম) নুরুজ্জামান মিয়া জানান, একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মীরা পল্লী বিদ্যুতের পূর্বানুমতি ছাড়াই ৩৩ কেভি লাইনের সম্প্রসারণকাজ করছিলেন। এ সময় ১১ কেভি বিদ্যুৎ লাইনের সংস্পর্শে এসে দুই শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এদিকে, ঠিকাদারি প্রতিষ্ঠান সুমাইয়া এন্টারপ্রাইজ-এর মালিক আখতার হোসেন দুই শ্রমিকের মৃত্যুর বিষয়টি স্বীকার করলেও ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে চাইলে তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version