জামালপুর প্রতিনিধি: ফুটবল বিশ্বকাপ মানেই সমর্থকদের বাড়তি আবেগ, তর্ক-বিতর্ক আর নানা ব্যতিক্রমী কাণ্ড। ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপেও এর কোনো ব্যতিক্রম ঘটছে না। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক চ্যালেঞ্জে হেরে প্রকাশ্যেই মাথা ন্যাড়া করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কট্টর আর্জেন্টিনা সমর্থক।
ওই যুবকের নাম ফয়সাল আহমেদ জুম্মান (২৩)। তিনি জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের সাধুরপাড়া এলাকার বাসিন্দা। এলাকায় তিনি দীর্ঘদিনের একনিষ্ঠ আর্জেন্টিনা সমর্থক হিসেবেই সবার কাছে পরিচিত।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় ফয়সাল তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে চিরপ্রতিদ্বন্দ্বী দলকে নিয়ে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন। ওই স্ট্যাটাসে তিনি ঘোষণা করেন, শনিবার সকালে অনুষ্ঠিত ম্যাচে হাইতির বিপক্ষে ব্রাজিল যদি জয়লাভ করে, তবে তিনি নিজের মাথা ন্যাড়া করে পুরো এলাকায় ঘুরবেন।
ফয়সালের এমন চ্যালেঞ্জের পর শনিবার (২০ জুন) সকালে অনুষ্ঠিত ম্যাচে হাইতিকে ৩-০ গোলের বড় ব্যবধানে পরাজিত করে ব্রাজিল। ম্যাচ শেষ হওয়ার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া নিজের প্রতিশ্রুতি বাস্তবায়নে এগিয়ে আসেন ফয়সাল। প্রিয় দল আর্জেন্টিনার জার্সি গায়ে জড়িয়েই সাধুরপাড়া এলাকায় জনসম্মুখে নিজের মাথা ন্যাড়া করেন তিনি।
মাথা ন্যাড়া করারব্যতিক্রমী দৃশ্য দেখতে স্থানীয় ফুটবলপ্রেমী ও কৌতূহলী মানুষজন তাকে ঘিরে ভিড় জমান। মুহূর্তেই বিষয়টি ওই এলাকায় আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। উপস্থিত অনেকেই এ ঘটনার ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন। দ্রুতই সেগুলো ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে নেট দুনিয়ায় শুরু হয় নানা রসালো আলোচনা।
স্থানীয়রা জানান, বিশ্বকাপকে ঘিরে সমর্থকদের মধ্যে এমন বন্ধুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা ও উন্মাদনা মূলত ফুটবলপ্রেমেরই নির্ভেজাল বহিঃপ্রকাশ। ফয়সালের ব্যতিক্রমী ও সাহসী উদ্যোগ এলাকায় উৎসবের আমেজ, আনন্দ ও ব্যাপক কৌতূহলের সৃষ্টি করেছে।
চ্যালেঞ্জ পূরণ করার পর ফয়সাল আহমেদ জুম্মান হাসিমুখে বলেন, “খেলাধুলা বিনোদনের একটি বড় মাধ্যম। আমি সবার সাথে মজা করেই চ্যালেঞ্জ দিয়েছিলাম। যেহেতু ব্রাজিল জিতেছে, তাই নিজের কথা অনুযায়ী মাথা ন্যাড়া করেছি। প্রতিশ্রুতি দিলে তা তো রাখতেই হয়।”
বিশ্বকাপের এমন উৎসবমুখর পরিবেশে একজন কট্টর সমর্থকের স্পোর্টিং স্পিরিট বা খেলোয়াড়সুলভ মনোভাব নেটিজেনদেরও দারুণভাবে বিনোদিত করছে।



