তরিকুল্লাহ আশরাফী,হালুয়াঘাট প্রতিনিধি :
ময়মনসিংহের হালুয়াঘাটে মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার ৫নং গাজিরভিটা ইউনিয়নের চৌরাস্তা বাজার মোড়ে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এতে স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতাকর্মী, শিক্ষক-শিক্ষার্থী, সচেতন নাগরিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে মা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মাহতাব আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন— আইলাতলী প্রতিশ্রুতি শান্তি সংঘের সভাপতি আলী আজগর, নব জাগরণ যুব কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি নূর মোহাম্মদ সুমন, গারো ছাত্র সংগঠন (গাসু) হালুয়াঘাট শাখার সভাপতি প্রভাত দ্রং এবং মহাজনিকান্দা স্টুডেন্ট ক্লাবের সভাপতি ফিরুজ আহমেদসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, মাদক সমাজের জন্য একটি মারাত্মক অভিশাপ, যা তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তারা মাদক ব্যবসায়ী ও সেবীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান। পাশাপাশি, মাদকের কুফল সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে বিভিন্ন স্লোগান দেন এবং ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।



