নেত্রকোনা, ১৫ জুন ২০২৬ | নিজস্ব প্রতিবেদক

জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) নেত্রকোনা জেলা ক্রীড়া সংস্থার জন্য ৭ সদস্যবিশিষ্ট একটি অ্যাডহক কমিটি অনুমোদন করেছে। জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মোঃ দৌলতুজ্জামান খাঁন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারার আলোকে স্থানীয় ক্রীড়া সংস্থার গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে এ অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। কমিটি নির্ধারিত সময়ের মধ্যে জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন সম্পন্ন করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

অনুমোদিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন নেত্রকোনার জেলা প্রশাসক। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক, জেলা ক্রীড়া কর্মকর্তা এবং স্থানীয় ক্রীড়াবিদ জনাব তাজ উদ্দিন ফরাস সেন্টু।

তবে কমিটির সদস্য সচিব হিসেবে স্থানীয় ক্রীড়া সংগঠক হেদায়েত উল্লাহ রুমিনের অন্তর্ভুক্তি ক্রীড়াঙ্গনে বিশেষ গুরুত্ব বহন করছে। দীর্ঘদিন ধরে জেলার ক্রীড়া উন্নয়ন, বিভিন্ন টুর্নামেন্ট আয়োজন, তরুণ খেলোয়াড়দের বিকাশ এবং ক্রীড়া সংগঠন পরিচালনার সঙ্গে সম্পৃক্ত থাকায় তাঁর ওপর এ গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করা হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সদস্য সচিব হিসেবে হেদায়েত উল্লাহ রুমিন কমিটির সার্বিক কার্যক্রম সমন্বয়, সভা আয়োজন, নির্বাচন প্রক্রিয়ার প্রস্তুতি এবং জাতীয় ক্রীড়া পরিষদের সঙ্গে যোগাযোগ রক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। ক্রীড়া অঙ্গনের বিশিষ্টজনদের মতে, তাঁর সাংগঠনিক দক্ষতা ও দীর্ঘ অভিজ্ঞতা জেলা ক্রীড়া সংস্থার কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং একটি সুষ্ঠু, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে সহায়ক ভূমিকা রাখবে।

ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা প্রকাশ করেছেন, নবগঠিত এ অ্যাডহক কমিটির নেতৃত্বে জেলার ক্রীড়া কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে এবং দীর্ঘদিনের সাংগঠনিক জটিলতার অবসান ঘটিয়ে ক্রীড়াঙ্গনে ইতিবাচক পরিবর্তন আসবে।

এ বিষয়ে সদস্য সচিব হেদায়েত উল্লাহ রুমিন বলেন, “জাতীয় ক্রীড়া পরিষদ আমার ওপর যে আস্থা রেখেছে, তার যথাযথ মর্যাদা রক্ষা করে জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন সুষ্ঠু, স্বচ্ছ ও অংশগ্রহণমূলকভাবে সম্পন্ন করার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব। একই সঙ্গে নেত্রকোনার ক্রীড়াঙ্গনের সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করছি।”

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version