নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার পূর্বধলা থানা পুলিশের পৃথক তিনটি অভিযানে ১৫ কেজি জিরা, ইয়াবা ও গাঁজাসহ চার জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত দুই দিনে (১৯ মে ও তার পূর্ববর্তী) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ। পরে জব্দকৃত আলামতের ভিত্তিতে পৃথক তিনটি মামলা দায়ের শেষে বুধবার (২০ মে) দুপুরে গ্রেপ্তারকৃত আসামিদের নেত্রকোনা জেলা আদালতে প্রেরণ করা হয়।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন আসামিদের আদালতে প্রেরণের বিষয়টি নিশ্চিত করেছেন।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত প্রথম অভিযানে ১৫ (পনেরো) কেজি জিরা জব্দ করা হয়। এ সময় হৃদয় রবিদাস (২১) নামের এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত হৃদয় নেত্রকোনা জেলার দুর্গাপুর থানার চক লাঙ্গুড়া গ্রামের মৃত সুখলাল রবিদাসের ছেলে।
দ্বিতীয় অভিযানে পূর্বধলা উপজেলার তারাকান্দা এলাকা থেকে মো. আমিনুল ইসলাম (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে পুলিশ। সে একই এলাকার মো. আব্দুল বারেকের ছেলে।
উপজেলার ছোছাউড়া এলাকায় পরিচালিত তৃতীয় অভিযানে দুইশো গ্রাম গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী মো. কছম উদ্দিন (৬৩) এবং তার ছেলে হযরত আলীকে (২৬) গ্রেপ্তার করা হয়। মো. কছম উদ্দিন একই এলাকার মৃত রহমত আলীর ছেলে।
পূর্বধলা থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে পৃথক তিনটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে বুধবার দুপুরে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।



