নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার পূর্বধলা উপজেলায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় জিরা জব্দ করেছে পুলিশ। এ সময় চোরাকারবারে জড়িত থাকার অভিযোগে শাহিন মিয়া (২৫) নামের এক যুবককে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত শাহিন মিয়া কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার সগড়া এলাকার বাসিন্দা আব্দুস সাত্তারের ছেলে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে চোরাচালানের সাথে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলে জানা গেছে।
জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ২১ বস্তা ভারতীয় জিরা (যার মোট ওজন প্রায় ৬০০ কেজি) এবং আনুমানিক বাজারমূল্য তিন লক্ষ ৭৮ হাজার টাকা।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোর ৫টা ২০ মিনিটের দিকে পূর্বধলা থানার পুলিশের একটি চৌকস দল জারিয়া আনসার ক্যাম্পের সামনে অবস্থান নেয়। সন্দেহভাজন পরিস্থিতি এড়াতে সেখানে তল্লাশি অভিযান চালানো হয়। তল্লাশিকালে অবৈধভাবে নিয়ে আসা ২১ বস্তা ভারতীয় জিরা উদ্ধার করা হয়।
এ বিষয়ে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, “সীমান্তবর্তী এলাকা দিয়ে অবৈধভাবে ভারতীয় পণ্য নিয়ে আসার বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভারতীয় জিরা জব্দ করা হয়েছে।”
তিনি আরও জানান, জব্দকৃত মালামাল পুলিশ হেফাজতে রয়েছে এবং আটককৃত যুবকের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। চোরাচালানের সাথে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে পুলিশের তদন্ত অব্যাহত থাকবে।



