উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার জাটিয়া ইউনিয়নের ১০৩ নং ফানুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্ধারিত সময়ের আগেই ছুটি দেওয়ার অভিযোগ উঠেছে। সরেজমিনে গিয়ে শিক্ষার্থী না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবক ও স্থানীয়রা। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকাল ৩টা ২৫ মিনিটে বিদ্যালয়টিতে গিয়ে দেখা যায়, কোনো শ্রেণিকক্ষেই শিক্ষার্থী নেই এবং অধিকাংশ কক্ষে তালা ঝুলছে।

অথচ নিয়ম অনুযায়ী ওই সময়েও পাঠদান চলমান থাকার কথা। বিদ্যালয় সূত্রে জানা যায়, স্কুলটিতে মোট শিক্ষার্থী ১৪৩ জন। এর মধ্যে প্রাক-প্রাথমিক ৩২ জন, ১ম শ্রেণীতে ২৮ জন, ২য় শ্রেণীতে ২৬ জন, ৩য় শ্রেণীতে ২৫ জন, ৪র্থ শ্রেণীতে ১৬ জন এবং ৫ম শ্রেণীতে ১৭ জন। বৃহস্পতিবার হাজিরা খাতায় ৯৮ জন শিক্ষার্থীর উপস্থিতি রেকর্ড করা হলেও সরেজমিনে সাড়ে ৩টায় স্কুলে গিয়ে কোনো শিক্ষার্থীকে পাওয়া যায়নি। এদিকে বিদ্যালয়ে প্রধান শিক্ষকসহ মোট ৬ জন শিক্ষক থাকার কথা থাকলেও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ মাত্র ৪ জন শিক্ষককে অফিস কক্ষে পাওয়া যায়।

বিদ্যালয়ের সামনে রাস্তায় কথা হয় স্থানীয় বাসিন্দা জামাল উদ্দিন ও সিরাজ উদ্দিনের সঙ্গে। তারা বলেন, স্কুল তো বিকাল ৪টা পর্যন্ত খোলা থাকার কথা। কিন্তু প্রায়ই ৩টা কিংবা সাড়ে ৩টার মধ্যেই ছুটি হয়ে যায়। অনেক সময় ২টার দিকেও ছুটি দিয়ে দেওয়া হয়। শিক্ষকরা বেশ আরামেই চাকরি করছেন। একই অভিযোগ করেন অটোচালক সন্জু মিয়া। তিনি বলেন, এই স্কুলে প্রায়ই আগেভাগেই ছুটি হয়ে যায়। এ নিয়ে কিছু বলতে গেলে শিক্ষকদের সঙ্গে তর্ক-বিতর্কও হয়।

বিদ্যালয়ের আশপাশে থাকা কয়েকজন শিক্ষার্থীর সঙ্গেও কথা হলে তারা জানায়, প্রায়ই নির্ধারিত সময়ের আগে ছুটি দেওয়া হয়। অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা উন্মে কুলসুম বলেন, আজ একজন শিক্ষার্থী পড়ে গিয়ে পায়ে ব্যথা পায়।

এতে অন্য শিক্ষার্থীদের মন খারাপ হয়ে যায় এবং তারা ছুটি দেওয়ার জন্য অনুরোধ করে। আমরা প্রথমে রাজি না হলেও পরে তাদের অনুরোধে ছুটি দিতে বাধ্য হই। এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সৈয়দ আহমেদ বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হবে। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version