নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো আয়োজিত হলো দুই দিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্স। বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের উদ্যোগে এবং উপাচার্য অধ্যাপক ড. খন্দকার মোহাম্মদ আশরাফুল মুনিমের পৃষ্ঠপোষকতায় গত ২২ ও ২৩ এপ্রিল এ কনফারেন্সের সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়েছে।

“Concorde: Literary, Linguistics and Sustainability Studies International Conference” অর্থাৎ “কনকর্ড (ঐক্য’ বা ‘সমন্বয়): সাহিত্য, ভাষাবিজ্ঞান ও টেকসই অধ্যয়ন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন” শীর্ষক এ আয়োজন দেশ-বিদেশের গবেষক, শিক্ষক ও শিক্ষার্থীদের এক বহুমাত্রিক জ্ঞানবিনিময়ের প্রাণবন্ত প্ল্যাটফর্মে পরিণত হয়।

কনফারেন্সে ভাষা ও সাহিত্যচর্চার পরিসরে পরিবেশ-সংবেদনশীল শিক্ষা ও গবেষণার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। দুই দিনব্যাপী এ আয়োজনে সরাসরি ও অনলাইনে যুক্ত হয়ে গবেষকরা পরিবেশসমালোচনা (eco-criticism), সমসাময়িক পরিবেশগত সংকট এবং টেকসই উন্নয়নের নানা দিক নিয়ে গভীর ও তাৎপর্যপূর্ণ আলোচনা করেন।

কনফারেন্সে প্রথম দিনে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মাসউদ আখতার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের বিআইএল এর পরিচালক অধ্যাপক ড. শায়লা সুলতানা এবং খুলনা ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. সাবিহা হক।

দ্বিতীয় দিনে মূল বক্তা হিসেবে অংশগ্রহণ করেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ULAB) এর উপাচার্য ও ইংরেজি বিভাগের অধ্যাপক ড. শামসাদ মোর্তুজা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মহিত উল আলম।

আন্তর্জাতিক এ কনফারেন্সে সমাপনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. খন্দকার মোহাম্মদ আশরাফুল মুনিম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “জ্ঞানচর্চা কখনো সীমাবদ্ধতার ভেতর আবদ্ধ থাকে না। এটি সময়, ভূগোল ও সংস্কৃতির সীমানা অতিক্রম করে মানবসভ্যতাকে এগিয়ে নেয়। আন্তর্জাতিক এই কনফারেন্স আমাদের সেই মুক্ত জ্ঞান বিনিময়ের এক উজ্জ্বল উদাহরণ। যা পরিবেশ, ভাষা ও সাহিত্যের সমন্বয়ে টেকসই ভবিষ্যৎ নির্মাণে সহায়ক ভূমিকা রাখবে।”

দুই দিনব্যাপী এ আন্তর্জাতিক আয়োজন সফলভাবে সম্পন্ন করায় উপাচার্য সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টার প্রশংসা করেন।

এ সময় তিনি কনফারেন্সে মূল বক্তাবৃন্দ, অংশগ্রহণকারী গবেষক-শিক্ষার্থী এবং ইংরেজি বিভাগের চেয়ারম্যান ও আন্তর্জাতিক সেমিনারের আহ্বায়ক মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী, সহ-আহ্বায়ক হাফসা আক্তারসহ সমন্বয়ক পর্ষদের সদস্য মাহমুদ আল হাসান, ছহীহ্ শাফি, নিশাত আনজুম রাইসা, মো. মাহবুবুল ইসলাম ও নীলান্তি নওশীনের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version