কেন্দুয়া প্রতিনিধি: নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি ইউনিয়নের মধ্য আমতলা গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এইঘটনায় সুমা আক্তার (সোমা) নামের এক নারী নিহত হয়েছেন এবং উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

বুধবার (২২ এপ্রিল) বেলা আনুমানিক সাড়ে ১১টার দিকে এ সংঘর্ষের সূত্রপাত হয়। নিহত সুমা আক্তার মো. সাদ্দাম হোসেনের স্ত্রী এবং আব্দুস সাত্তারের কন্যা। স্থানীয় সূত্র অনুযায়ী নিহতের বয়স আনুমানিক ৩০ বছর হলেও, পুলিশের তথ্যমতে তার বয়স ২৫ থেকে ২৭ বছরের মধ্যে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় জমি নিয়ে দুপক্ষের মধ্যে বিবাদ চলছিল। এরই জেরে বুধবার সকালে হঠাৎ করে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয় এবং তা দ্রুত সহিংস রূপ ধারণ করে। সংঘর্ষ চলাকালে দেশীয় অস্ত্রের ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে।

গুরুতর আহত অবস্থায় কয়েকজনকে দ্রুত কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক সুমা আক্তারকে মৃত ঘোষণা করেন। এ সংঘর্ষে উভয় পক্ষের সর্বমোট ১০ জন আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত সাত জনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ ঘটনায় সবচেয়ে হৃদয়বিদারক পরিস্থিতির শিকার হয়েছে নিহত সুমা আক্তারের তিন অবুঝ শিশু। জানা গেছে, তার একটি এক থেকে দেড় বছর বয়সী শিশু সন্তান রয়েছে এবং বাকি আরও দুই শিশু সন্তান রয়েছে। মারামারিতে মাকে হারিয়ে তিন শিশু এখন চরম অসহায় হয়ে পড়েছে।

ঘটনার পর থেকে মধ্য আমতলা গ্রামে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী মাকসুদ জানান, নিহত নারীর মৃতদেহ আজ পোস্টমর্টেমের জন্য পাঠানো সম্ভব হয়নি, তা আগামীকাল পাঠানো হবে। তিনি আরও জানান যে, এ ঘটনায় এখনো কোনো পক্ষের তরফ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version